যশোরে সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন
ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

আগামী ২৮ জুন (রোববার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোর জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এদিন জেলার ৬টি উপজেলা ও যশোর পৌরসভায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার বিভিন্ন এলাকায় মোট ২ হাজার ৩০১টি কেন্দ্র স্থাপন করা হবে। থাকবে মোবাইল/ভ্রাম্যমাণ কেন্দ্র।

আর এ কাজ পরিচালনায় ১ হাজার ৩৮ জন সরকারি কর্মী, ৪ হাজার ৪৭৯ জন স্বেচ্ছাসেবকসহ মোট ৫ হাজার ২১৭ জন কর্মী দায়িত্ব পালন করবেন।

লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬-১১ মাস বয়সী ৪৪ হাজার ৬১২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৬৫২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা জেলার সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভিটামিন ‘‘এ’’ শিশুর দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ এসময় ডেপুটি সিভিল সার্জন নাজমুসাদিক রাসেল উপস্থিত ছিলেন।

এএইচ