প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বহনকারী বিশেষ বিমান ‘মিনাব ১৬৮’ রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। সেখানে তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এছাড়া ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দামও উপস্থিত ছিলেন।
সফরকালে উভয় পক্ষ বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক কানেক্টিভিটিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক পর্যালোচনা করবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আগমন উপলক্ষে ইসলামাবাদজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে ২০২৫ সালের আগস্টেও তিনি পাকিস্তান সফর করেছিলেন।
এদিকে ওমানের মাসকাট সফর শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও ইসলামাবাদে পৌঁছেছেন। ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তান শুরু থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দুই দেশের মধ্যে সই হওয়া ১৪ দফার অন্তর্বর্তী চুক্তিটি মূলত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামেই পরিচিত, যা পাকিস্তানের জোরালো কূটনৈতিক ভূমিকারই প্রতিফলন।





