‘ইরান সরকারকে উৎখাত করতে চেয়েছিলাম’; পাচার করা ডিভাইসের রহস্য ফাঁস বেনেটের

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট | ছবি: সংগৃহীত
0

ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য দেশটিতে গোপনে ইলন মাস্কের মালিকানাধীন ‘স্টারলিংক’ ইন্টারনেট রিসিভার পাচার করার কথা স্বীকার করেছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সরকার ব্যর্থ হয়েছে বলেও গত মঙ্গলবার তিনি দাবি করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জেরুজালেমে আয়োজিত ‘জেএনএস ইন্টারন্যাশনাল পলিসি সামিট’-এ দেয়া বক্তব্যে বেনেট বলেন, ২০২১ থেকে ২০২২ সালে তার প্রধানমন্ত্রিত্বের সময় তিনি হাজার হাজার স্টারলিংক রিসিভার সংগ্রহ এবং তা ইরানে পাচার করার প্রক্রিয়া শুরু করেছিলেন। তার লক্ষ্য ছিল ইরানে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ধারাবাহিকতা বজায় রাখা, যাতে বিক্ষোভকারীরা নিজেদের মধ্যে সমন্বয় করতে পারেন এবং শেষ পর্যন্ত ইরানি সরকারের পতন ঘটানো যায়।

বেনেট অভিযোগ করে বলেন, ‘দুর্ভাগ্যবশত, বর্তমান অযোগ্য ইসরাইলি সরকার সেই কাজ বন্ধ করে দিয়েছিল। ফলে যখন বিক্ষোভ শুরু হলো, তখন প্রয়োজনীয় অবকাঠামো সেখানে ছিল না।’ স্টারলিংক মূলত স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে। ইরানে এই সেবা ব্যবহারের বৈধ কোনো লাইসেন্স না থাকলেও ইলন মাস্ক আগেই জানিয়েছিলেন যে সেখানে তাদের পরিষেবা সক্রিয় রয়েছে। ইরান সরকার এর আগে বেশ কয়েকবার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে অবৈধভাবে এসব ডিভাইস পাচারের অভিযোগ এনেছিল।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এবং এর আগে বিভিন্ন সময় অভ্যন্তরীণ অস্থিরতার সময় তেহরান জনস্বার্থে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে এর আগেও উঠে এসেছিল যে, ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় অনেক ইরানি নাগরিক স্টারলিংকের ওপর নির্ভর করেছিলেন।

ইসরাইলের কট্টর ডানপন্থি দলের নেতা বেনেট বর্তমানে নেতানিয়াহু সরকারের প্রধান বিরোধীদের একজন। আগামী অক্টোবরের মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ের মাধ্যমে ক্ষমতায় ফিরলে তিনি সরাসরি সামরিক হামলার পাশাপাশি অর্থনৈতিক ও শিল্প নাশকতার মাধ্যমে ইরানি সরকারকে উৎখাত করার কাজ করবেন বলেও ঘোষণা দিয়েছেন।

এএম