গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি ২৪ ঘণ্টা কাজ করছে: সংসদে তথ্যমন্ত্রী

জহির উদ্দিন স্বপন
জহির উদ্দিন স্বপন | ছবি: সংগৃহীত
0

তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কর্মরত রয়েছে বলে সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন আজ (সোমবার, ২২ জুন) ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী। এদিন সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

বেলা ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের এই পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নান তার প্রশ্নে জানতে চান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের আওতায় কোনো সচেতনামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে কি না?

জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সারা দেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

আরও পড়ুন:

তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কর্মরত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে এই কমিটির মাধ্যমে দ্রুততম সময়ে সরকারের পক্ষ হতে সত্যতা নিশ্চিত করে ‘তথ্যবিবরণী’ এবং ‘প্রতিবাদলিপি’ সরকারি ও বেসরকারি সব গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠানো হচ্ছে।

সদর দপ্তরের পাশাপাশি তথ্য অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পর্যায়ে অবস্থিত আঞ্চলিক তথ্য অফিসসমূহ নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ওপর নিবিড় নজরদারি করছে।

অপপ্রচার ও সাইবার হয়রানির বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে অধিদপ্তরের ফিচার শাখা হতে নিয়মিত সচেতনতামূলক বিশেষ নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।

এসএস