নিজেদের সংস্কৃতি আর মূল্যবোধ দিয়ে বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে জাপান

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করছেন জাপানি সমর্থকরা
খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করছেন জাপানি সমর্থকরা | ছবি: সংগৃহীত
0

মাঠের বাইরের কার্যক্রম দিয়ে বিশ্বকাপের আলোচনার কেন্দ্রবিন্দুতে জাপান। নিজেদের সংস্কৃতি আর মূল্যবোধকে সবার সামনে তুলে ধরার অনন্য নজির গড়লেন জাপানি সমর্থকরা। নিজেদের কাজ দিয়েই বিশ্ববাসীর প্রশংসা কুঁড়োলেন তারা।

মাঠে দুর্দান্ত জয়, আর গ্যালারিতে অনন্য দৃষ্টান্ত। বিশ্বকাপের ইতিহাসের এক হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানোর পরও জাপানি সমর্থকদের আলোচনা ছিল অন্য কারণে।

মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচ শেষে বেশিরভাগ দর্শক যখন স্টেডিয়াম ছাড়তে ব্যস্ত, তখন জাপানের সমর্থকদের দেখা যায় গ্যালারিতে পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করতে।

জাপানে এই চর্চা পরিচিত 'গোমি হিরোই' নামে। এর মাধ্যমে সবাইকে যৌথভাবে ব্যবহৃত স্থান পরিষ্কার রাখার দায়িত্ব নেওয়ার শিক্ষা দেওয়া হয়।

প্রথমবারের মতো বিশ্বকাপ দেখতে আসা কেন ওকাওয়া বলেন, মেক্সিকোতে তিনি দারুণ আতিথেয়তা পেয়েছেন। তাই কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় হিসেবে তিনি স্টেডিয়াম পরিষ্কারে অংশ নিয়েছেন।

জাপানে ছোটবেলা থেকেই শিশুদের নিজেদের শ্রেণিকক্ষ পরিষ্কার করার শিক্ষা দেওয়া হয়। ফলে নিজের ব্যবহার করা স্থান পরিষ্কার রাখা তাদের কাছে স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে।

সমর্থক মিকু তাকেয়া বলেন, তারা চান পরবর্তী ব্যক্তি যেন পরিচ্ছন্ন পরিবেশ পান। তাই ব্যবহারের পর স্থান পরিষ্কার রাখা তাদের সংস্কৃতির অংশ।

চলতি বিশ্বকাপে জাপানি সমর্থকদের এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এমনকি ম্যাচের আগে স্থানীয় কর্তৃপক্ষ জাপানি সমর্থকদের অনুরোধে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় প্রায় ২০ হাজার ময়লার ব্যাগ সরবরাহের ব্যবস্থাও করে।

জয়ের আনন্দের পাশাপাশি পরিচ্ছন্নতার বার্তাও ছড়িয়ে দিচ্ছেন জাপানি সমর্থকেরা। বিশ্বকাপের বৈশ্বিক মঞ্চে তাদের এই সংস্কৃতি এখন হয়ে উঠেছে প্রশংসার নতুন উদাহরণ।

ইএ