ঘরের মাঠে অজিদের কাছে টাইগারদের হোয়াইটওয়াশ

বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের একটি মুহূর্ত
বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে করে ঘরের মাঠেই অজিদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেল টাইগাররা।

ওয়ানডে সিরিজ জয়ের পরই হোঁচট খেলো বাংলাদেশ। ঘরের মাঠেই অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হতে হলো টাইগারদের। স্বাগতিকদের নাকানিচুবানি খাইয়ে নিজেদের শিবিরে স্বস্তি ফেরালো মাইটি অজিরা।

রোববার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই অপ্রত্যাশিতভাবে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হোসেন তামিম। ঠিক দুই বল পরে ক্যাচ তুলে আউট হন আরেক ওপেনার সাইফ হাসানও

উইকেট টিকিয়ে রাখার লড়াইয়ে থাকা পারভেজ হোসেন ইমনও ফেরেন দ্রুতই। খাদের কিনারায় থাকা টাইগার ব্যাটিং লাইনআপকে উদ্ধার করতে পারেননি নুরুল হাসান সোহান ও শামীম হোসেনরাও। যার ফলে মাত্র ৩৬ রানেই পাঁচ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে ব্যাটারদের যাওয়া আসার মিছিলে ব্যতিক্রম ছিলেন তাওহীদ হৃদয়।

একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন টাইগার কাপ্তান। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি রিশাদ-নাসুমরাও। যার ফলে হৃদয়ের অপরাজিত ৬১ রানের ইনিংসেও মাত্র ১০৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। স্পেন্সার জনসন ও নাথান এলিস নেন দুইটি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভাবে ব্যাট চালান অস্ট্রেলিয়ার ওপেনার মিচেল মার্শ। আরেক ওপেনার জস ইংলিস ফিরে গেলেও। ২৮ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে টাইগারদের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেননি তিনি। যার ফলে ৫৪ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

যার ফলে ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের প্রতিশোধ নিয়ে নিলো অজিরা। অন্যদিক চট্টগ্রামে আরও একটি টি-টোয়েন্টি সিরিজের হোয়াইটওয়াশের হতাশা নিতেই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

ইএ