মদ ভেবে বিষপানে প্রাণ হারালেন পোশাক শ্রমিক

নিহত রিংকন বড়ুয়া
নিহত রিংকন বড়ুয়া | ছবি: এখন টিভি
0

মদ ভেবে বিষপান করে রাঙামাটির রাজস্থলীর রিংকন বড়ুয়া (২৬) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) ভোরে তিনি মারা যান।

গতকাল (বুধবার, ১৭ জুন) রাতে বাড়িতে রাখা জমির ঘাস নিধনের ওষুধের বোতলকে মদের বোতল ভেবে খেয়ে তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হন।

রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়া ৬ নম্বট ওয়ার্ডের বাসিন্দা মিলন বড়ুয়ার ছেলে। চট্রগ্রামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শিমুল দাশ বলেন, ‘রিংকন বড়ুয়া গতকাল (বুধবার, ১৭ জুন) রাতে বাড়িতে রাখা জমির ঘাস নিধনের ওষুধের বোতলকে মদের বোতল ভেবে সেবন করে ফেলেন। কিন্তু তাৎক্ষণিক বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা তার পেটে চলে যায়।

আরও পড়ুন:

এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজন ও প্রতিবেশীরা তাকে তাৎক্ষণিক নিকটবর্তী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই আজ ভোরে কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের হোসেন বলেন, ‘বিষক্রিয়ায় মৃত রিংকন বড়ুয়ার মরদেহ বর্তমানে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে তার পরিবার। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।’

এসএইচ