ব্রাজিলের খেলা উপলক্ষে উৎসবমুখর ছিল টিএসসি

উৎসবমুখর টিএসসি
উৎসবমুখর টিএসসি | ছবি: এখন টিভি
0

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের খেলা উপলক্ষে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। স্লোগান আর মোটর শোভাযাত্রায় উৎসবে মেতে ওঠেন ফুটবলপ্রেমীরা। তবে মরক্কোর সঙ্গে গোল সমতা ও নেইমারকে মাঠে না দেখার হতাশা নিয়ে ঘরে ফিরতে হয়েছে সমর্থকদের।

ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপের মিশন শুরু করলো ব্রাজিল। মরক্কোর সঙ্গে এক এক গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা উৎসবস্থলে পরিণত হয়। শনিবার দিবাগত রাতে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে টিএসসির পরিবেশ।

সমর্থকদের মধ্যে একজন বলেন, ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং আমরা মনে করি যে, ঐতিহাসিকভাবে বললে একেবারে প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত ব্রাজিলের কিন্তু একটা ইতিহাস আছে।’

প্রিয় দলের জার্সি গায়ে, পতাকা হাতে জড়ো হন শত শত সমর্থক। বন্ধু সহপাঠীদের মতো খেলা উপভোগ করতে পরিবারের সঙ্গে আসে শিশু কিশোররাও।

ব্রাজিলের ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে টিএসসিতে বড়পর্দায় সম্মিলিত খেলা উপভোগ করেন প্রায় দুই থেকে তিন হাজার ফুটবলপ্রেমী। মরক্কোর করা প্রথম গোলে হতাশ হলেও সমর্থকরা বলছেন, দলের আক্রমণভাগ, সৃজনশীল ফুটবল ও বিশ্বকাপের ঐতিহ্যের কারণে সমতায় ফিরে দল। তবে মাঠে নেইমারের অনুপস্থিতি দর্শকদের হতাশ করেছে।

দর্শকদের মধ্যে একজন বলেন, ‘ম্যাচে নেইমারেকে সবচেয়ে বেশি মিস করছি। কিন্তু ড্র করার জন্য আমরা খুবই খুশি।’

এর আগে মধ্যরাত থেকে স্লোগানে স্লোগানে মুখর ছিল টিএসসি প্রাঙ্গণ। মোটরসাইকেল শোভাযাত্রাও করেন সমর্থকরা।

এসএস