বিশ্বে শিশুশ্রমে বন্দি প্রায় ১৪ কোটি; ঝুঁকিপূর্ণ কাজে সাড়ে ৫ কোটি শিশু

শিশুশ্রম
শিশুশ্রম | ছবি: আইএলও
0

বিশ্বে প্রতি ১৭ শিশুর মধ্যে একজন শিশু শ্রমিক, অর্থাৎ বিশ্বের মোট ২৪০ কোটি শিশুর মধ্যে ১৩ কোটি ৮০ লাখ শিশুই শ্রমজীবী। শিশুশ্রমবিরোধী দিবসে প্রকাশিত আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইউনিসেফের প্রতিবেদন থেকে আরও জানা যাচ্ছে, এদের মধ্যে সাড়ে ৫ কোটি শিশু অর্থাৎ প্রতি ৫ জনের ২ জন এমন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত যা তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে বিপন্ন করছে।

বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি—নবজাতকের কাছে এই অঙ্গীকার নিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য যে প্রতিজ্ঞার কথা বলেছিলেন, সেই অঙ্গীকার কোনো দেশ সীমানা জাতির মধ্যে সীমাবদ্ধ থাকার কথা ছিল না। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা।

শিশুশ্রমবিরোধী দিবসে শ্রমজীবী শিশুদের নিয়ে এক পরিসংখ্যান প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইউনিসেফ। বলা হচ্ছে বিশ্বের মোট ২৪০ কোটি শিশুর মধ্যে ১৩ কোটি ৮০ লাখ শিশু শ্রমজীবী। অর্থাৎ প্রতি ১৭ জনের একজন শ্রমের সঙ্গে জড়িত। আরও উদ্বেগের কথা, এদের মধ্যে স্বাস্থ্য আর নিরাপত্তা ঝুঁকিতে প্রায় সাড়ে ৫ কোটি শিশু। অর্থাৎ প্রতি ৫ জনের ২ জন কঠোর শারীরিক শ্রম, বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ, বিপজ্জনক যন্ত্রপাতি, দীর্ঘ কর্মঘণ্টা বা অনিরাপদ পরিবেশে কাজ করছে।

ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত এই সাড়ে ৫ কোটি শিশুর মধ্যে ৫-১১ বছর বয়সী শিশুর সংখ্যা ১ কোটি ৩ লাখ। অর্থাৎ প্রতি সাড়ে ৫ কোটি শিশুর প্রতি ৫ জনের একজনের বয়স ৫-১১ বছর। ১২-১৪ বছর বয়সী কিশোর কিশোরীর সংখ্যা ১ কোটি ২৮ লাখ। আর ৩ কোটি ৮ লাখের বয়স ১৫ থেকে ১৭ এর মধ্যে।

আরও পড়ুন:

আন্তর্জাতিক শ্রম সংস্থার ১৯৭৩ সালে গৃহীত আইন অনুযায়ী শিশুদের কাজে নিয়োগের ন্যূনতম বয়স ১৫, হালকা কাজের ক্ষেত্রে তা ১৩ হতে পারে। আর, ১৯৯৯ সালের কনভেনশন ১৮২ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী শিশুদের দাসত্ব, জোরপূর্বক শ্রম, পতিতাবৃত্তি, যুদ্ধের ব্যবহার এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো ঝুঁকিপূর্ণ শ্রম সম্পূর্ণ নিষিদ্ধ ও নির্মূল করার কথা বলা হয়েছে।

গেল ২৪ বছরে শিশু শ্রমিকদের সংখ্যা কমলেও, উদ্বেগ রয়েই গেছে। ২০০০ সালে যেখানে বিশ্বে মোট সাড়ে ২৪ কোটি শিশু শ্রমিক ছিল, দুই যুগ পর সেই সংখ্যা ১৩ কোটিতে নেমেছে। আর ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতের সংখ্যা সাড়ে ১৭ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৪ লাখে।

আরও দেখা যাচ্ছে, পশ্চিম আফ্রিকার কোকো ক্ষেত থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার ধানক্ষেত- বিশ্বে শিশুদের কর্মসংস্থানের বৃহত্তম ক্ষেত্র হলো কৃষি। এই খাতে কর্মরত শিশুর সংখ্যা ৬১ শতাংশ। অর্থাৎ, ৮ কোটি ৪০ লাখ শিশু খামার, মৎস্য, বন এবং পশুপালন খাতে নিয়োজিত। আর, গৃহকর্ম ও আতিথেয়তার মতো পরিষেবা খাতের কাজে নিয়োজিত শিশুদের হার ২৭ শতাংশ। আর ১৩ শতাংশ শিশু জড়িয়ে আছে খনি, উৎপাদন এবং নির্মাণসহ বিভিন্ন শিল্পভিত্তিক কাজে।

এর মধ্যে আশার কথা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শিশুশ্রমের হার সবচেয়ে বেশি কমেছে। যদিও বিশ্বের খাদ্য, বস্ত্র, খনিজ ও ভোগ্যপণ্যের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে শিশুশ্রম এমন নিবিড়ভাবে জড়িত যা রাতারাতি বদলানোর সম্ভাবনা নেই।

এসএস