যুক্তরাষ্ট্রে পর্তুগিজরা, প্রস্তুতি সেরেছে নিজ দেশেই

পর্তুগালের অনুশীলন
পর্তুগালের অনুশীলন | ছবি: সংগৃহীত
0

প্রায় সব দল বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করলেও ভিন্ন ছিল পর্তুগালের পরিকল্পনা। নিজেদের ঘরের মাঠ লিসবনে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করে রোনালদো বাহিনী। তবে ফিফার নিয়ম মেনে ম্যাচের পাঁচদিন আগে লিসবনের পর্ব শেষ করে, যুক্তরাষ্ট্র গেছে পর্তুগিজরা। দেশ ছাড়ার আগে নিজেদের দর্শকদের সামনে শেষবারের মতো অনুশীলনে নেমেছিল পর্তুগাল।

চেনা মাঠ, চিরচেনা গর্জন। কিন্তু আজকের আবহটা অন্য যেকোনো দিনের চেয়ে আলাদা। বিদায়ের ঘণ্টা বাজার আগে, প্রিয় দর্শকদের সামনে শেষবারের মতো অনুশীলনে নামলেন পর্তুগালের নায়করা।

তবে এই মহা-প্রস্তুতির শুরুতেই এক আবেগঘন মুহূর্ত। নাইজেরিয়া ম্যাচে স্টেডিয়ামে প্রাণ হারানো সেই দুর্ভাগা ভক্তের স্মরণে মাঠজুড়ে পিনপতন নীরবতা। এক মিনিটের শ্রদ্ধা নিবেদন শেষে পুরো স্টেডিয়াম যখন করতালিতে ফেটে পড়ল, তখন স্পষ্ট হয়ে গেল—মাঠের এই লড়াইটা আসলে এই দেশের মানুষের জন্যই।

আরও পড়ুন:

শোক সামলে এরপরই শুরু আসল গা গরমের পালা। ফিজিক্যাল কোচের সঙ্গে নিজেকে উজাড় করে দিচ্ছেন সিআর সেভেন। পাশে তরুণ তুর্কি জোয়াও নেভেস আর অভিজ্ঞ ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত ছন্দ। গ্যালারি থেকে ভেসে আসা প্রতিটি চিৎকার খেলোয়াড়দের মনে করিয়ে দিচ্ছে তাদের মূল লক্ষ্যের কথা।

মাঝমাঠের কাণ্ডারি বার্নার্ডো সিলভা। গায়ে ভেস্ট চড়ানোর ফাঁকেই দর্শকদের ভালোবাসার জবাব দিচ্ছেন হাত নেড়ে। কোচ রবার্তো মার্টিনেজের সঙ্গে মাঠের ভেতরেই সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের স্ট্র্যাটেজি আলোচনা। বিদায়ের আগে নিজেদের সেরা ব্লু-প্রিন্ট সাজাতে ব্যস্ত গুরু-শিষ্য লিসবনের শেষ সেশনটি এভাবেই শতভাগ মনোযোগ দিয়ে শেষ করলেন রোনালদোরা।

বিশ্বজয়ের এই মিশন শুরু হচ্ছে ১৭ জুন টেক্সাসের হিউস্টনে, যেখানে প্রথম ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। এরপর গ্রুপ ‘কে’-এর বাকি দু’ম্যাচে তারা লড়বে কলম্বিয়া এবং নবাগত উজবেকিস্তানের বিরুদ্ধে। এই সূচি মাথায় রেখেই এবার স্বপ্নের খোঁজে পা বাড়াচ্ছে পর্তুগাল।

এসএস