চলতি বছরই রেডিটের মতো ‘কমিউনিটি’ ফিচার আনছে ব্লুস্কাই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চলতি বছরের মধ্যেই নিজেদের প্লাটফর্মে রেডিটের মতো ‘কমিউনিটি’ ফিচার চালু করতে যাচ্ছে বিকেন্দ্রীকৃত সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট প্রধান অ্যালেক্স বেনজার সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বেনজার জানান, ব্লুস্কাইয়ের বিশাল পরিধির মধ্যে এ কমিউনিটিগুলো হবে একেকটি ছোট ও নির্দিষ্ট জায়গা। যেখানে ব্যবহারকারীরা তাদের সমমনা বা একই বিষয়ে আগ্রহী মানুষদের খুঁজে পাবেন এবং নিজেদের মধ্যে আলোচনা করতে পারবেন।

ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা নিজস্ব কমিউনিটি তৈরি করতে পারবেন কিংবা বিদ্যমান যেকোনো কমিউনিটিতে যোগ দিতে পারবেন। পাশাপাশি সেখানে পোস্ট করা এবং নতুন পোস্ট ও প্রতিক্রিয়ার আপডেট পাওয়ার সুবিধাও থাকবে।

প্রতিটি কমিউনিটির জন্য একটি নির্দিষ্ট ‘হ্যান্ডেল’ থাকবে, যা সেটির ইউআরএল হিসেবেও কাজ করবে। যেমন: community-name.bsky.social অথবা community-name.bsky.space। এ ইউআরএল-এ প্রবেশ করলে ব্যবহারকারীরা কমিউনিটির জন্য তৈরি একটি বিশেষ ল্যান্ডিং পেজ দেখতে পাবেন। এমনকি কমিউনিটির অ্যাডমিন বা মডারেটররা ‘এটি প্রোটোকল’ (AT protocol)-এর অ্যাপ ও টুলস ব্যবহার করে নিজেদের হোম পেজে কাস্টমাইজড অভিজ্ঞতা ও নতুন ফিচার যুক্ত করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ব্লুস্কাই মূলত এ ওপেন সোর্স ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করেই কাজ করে। তবে নতুন পোস্টগুলো দেখার জন্য ব্যবহারকারীকে সবসময় কমিউনিটির হোম পেজে যেতে হবে না। এগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ‘ডিসকভার ফিড’ অথবা এর জন্য তৈরি বিশেষ কোনো ফিডে চলে আসবে।

অবশ্য বেনজারের পোস্ট অনুযায়ী, ব্লুস্কাই কর্তৃপক্ষ এখনও এর সুনির্দিষ্ট ফিড ডিজাইন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এছাড়া ব্যবহারকারীরা চাইলে নতুন পোস্ট ও আপডেটের জন্য অ্যালার্ট বা নোটিফিকেশন চালু করে রাখতে পারবেন। সব মিলিয়ে, যারা ‘রেডিট’ ব্যবহারে অভ্যস্ত, তাদের কাছে ব্লুস্কাইয়ের এই কমিউনিটি ফিচারটি বেশ পরিচিত মনে হবে।

বেনজার জানিয়েছেন, ফিচারটি তৈরির কাজ চলার পাশাপাশি এর বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে। এছাড়া গবেষণার অংশ হিসেবে তার টিম ডেভেলপার এবং কমিউনিটি অর্গানাইজারদের সঙ্গেও আলোচনা করছে।

প্রসঙ্গত, মেটার মালিকানাধীন মাইক্রোব্লগিং প্লাটফর্ম ‘থ্রেডস’ ২০১৫ সালের শেষের দিকে তাদের নিজস্ব কমিউনিটি ফিচার চালু করেছিল। ব্লুস্কাইয়ের মতোই মেটার সেই ফিচারেও সুনির্দিষ্ট বিষয়ে আলোচনার জন্য ব্যবহারকারীদের ডেডিকেটেড স্পেস বা নির্দিষ্ট জায়গা দেয়া হয়েছিল।

এএইচ