মার্কিন দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা ইরানি কর্মকর্তার

তেহরান ব্যস্ত সড়কে ইমাম খামেনি ব্যানার
তেহরান ব্যস্ত সড়কে ইমাম খামেনি ব্যানার | ছবি: সংগৃহীত
0

ইরানের ওপর মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার দায় চাপানো নিয়ে ওয়াশিংটনের ‘দ্বিমুখী’ নীতির কঠোর সমালোচনা করেছেন ইরানি সংসদীয় কমিটির এক শীর্ষ কর্মকর্তা। মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ হামলায় ১৬৫ জন শিশু ও শিক্ষক নিহতের ঘটনার বিচার না মেলায় এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, ‘মাত্র দুই দিনের মাথায় পেন্টাগন ও হোয়াইট হাউস সিদ্ধান্তে পৌঁছে গেল যে হরমুজ প্রণালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে ইরান দায়ী।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘অথচ মিনাব স্কুলে গণহত্যার ১০২ দিন পার হয়ে গেলেও সেখানে নিরপরাধ ছোট মেয়েদের হত্যার তদন্ত এখনো শেষ হলো না। যখন নিষ্পাপ শিশুদের কথা আসে, তখন এপস্টাইন-পন্থি মিথ্যাবাদীরা সব ভুলে যায়। আপনাদের ধিক্কার জানাই।’

গত ফেব্রুয়ারিতে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে দুই দফায় চালানো হামলায় ১৬৫ জন নিহত হন, যাদের অধিকাংশের বয়স ছিল ৭ থেকে ১২ বছরের মধ্যে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলার সময় ওই স্কুলে অন্তত ১৭০ জন শিক্ষার্থী ছিল। ইরান শুরু থেকেই এই গণহত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে আসছে।

তবে গত মাসে একজন মার্কিন সামরিক কমান্ডার দাবি করেন, মিনাব স্কুলে হামলার তদন্ত অত্যন্ত ‘জটিল’। তার ভাষ্য অনুযায়ী, স্কুলটি ইরানের একটি সক্রিয় ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ওপর অবস্থিত ছিল। এমন যুক্তি ও দীর্ঘসূত্রতাকে যুক্তরাষ্ট্রের ‘ভণ্ডামি’ হিসেবে দেখছে তেহরান।

এএম