আজ (রোববার, ৭ জুন) রাত সাড়ে আটটার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার কোলইকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ (৮)। তবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি।
পাবনা পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান জানান, ছেলে আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজিতে বাড়িতে ফিরছিলেন।
পথিমধ্যে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছার পর সিএনজিটি সামান্য কাঁত হয়ে যায়। এ সময় মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে বাইরে সড়কের উপর পড়ে যায়। ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফ দিয়ে নামার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।
একই সময় দ্রুতগামী এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দু’জনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। শিশু আলিফের মা আহত হন। আহত অবস্থায় শিশুটির মাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।





