রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়িটি সাফদারপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ট্রেনটির পেছনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়। এসময় ট্যাংকারগুলোর মোট নয়টি চাকা রেললাইন থেকে নিচে নেমে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাফদারপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনার পরপরই খুলনার সঙ্গে রাজশাহী, ঈশ্বরদী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর ও পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আরও পড়ুন:
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে খুলনা থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত ট্যাংকারগুলো সরিয়ে রেললাইন সচল করার কাজ শুরু হবে। রেললাইন মেরামত ও উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না।
স্থানীয় বাসিন্দারা জানান, লাইনচ্যুতির বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে দুর্ঘটনায় কোনো ট্যাংকার উল্টে যায়নি বা তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি।
রেলওয়ের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, লাইনের কোনো ত্রুটি বা যান্ত্রিক সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত ছাড়া প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
উল্লেখ্য, এর আগে গত ২১ মে একই এলাকার সাফদারপুর রেলস্টেশনের কাছে আরেকটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার ট্রেন লাইনচ্যুতির ঘটনায় রেলপথের নিরাপত্তা ও অবকাঠামোর মান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।





