বৈরুতে হামলা হলে পুরোদমে যুদ্ধ শুরু হবে—আরাঘচি

আব্বাস আরাঘচি
আব্বাস আরাঘচি | ছবি: এনডিটিভি
0

লেবাননের রাজধানী বৈরুতে যেকোনো ধরনের হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে আবারও ‘পুরোদমে যুদ্ধ’ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রাখার প্রেক্ষাপটে গতকাল (বুধবার, ৩ জুন) তিনি এই কড়া বার্তা দিলেন।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘বৈরুতে যেকোনো হামলার ভয়াবহ পরিণতি হবে এবং এর ফলে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যাবে। ইসরাইল যদি বৈরুতে আক্রমণ করে, তবে আমাদের সশস্ত্র বাহিনী তাদের ওপর পাল্টা আঘাত করতে প্রস্তুত রয়েছে।’

এর আগে আরাঘচি জানিয়েছিলেন, ইরানের ওপর হামলার জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলোতে তেহরান তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। সম্প্রতি কুয়েত ও বাহরাইনে ইরানি রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘বেসামরিক জাহাজ চলাচলে বাধা দিতে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করতে যুক্তরাষ্ট্র যেসব স্থাপনা ব্যবহার করছে, আমাদের সশস্ত্র বাহিনী সেখানে আত্মরক্ষামূলক হামলা চালাচ্ছে।’ তিনি আরও যোগ করেন, যেকোনো শত্রুতামূলক আচরণের তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দেয়া হবে। নিষেধাজ্ঞা ও যুদ্ধ যা অর্জন করতে পারেনি, তা আরও যুদ্ধ দিয়ে জয় করা সম্ভব নয়।

আরও পড়ুন:

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন সময়ে এল যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের আঞ্চলিক মিত্রদের, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের সহযোগিতার প্রশংসা করেছেন। রুবিও বলেছিলেন, ‘আমি মনে করি এই অঞ্চলে আমাদের মিত্ররা খুব সহযোগী ছিল—কেউ কেউ স্পষ্টতই খুব আক্রমণাত্মকভাবে সহযোগী, যেমন সংযুক্ত আরব আমিরাত। কুয়েতও এই ক্ষেত্রে চমৎকার ভূমিকা রাখছে।’

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারসহ ৩ হাজারের বেশি মানুষ নিহত হন। এর প্রতিশোধ হিসেবে তেহরান ইসরাইল ও মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু বানায় এবং বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী চুক্তির আলোচনা এখনো সফল হয়নি। এরই মধ্যে বুধবার আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ কেশম দ্বীপে তাদের একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিবাদে তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে।

এএম