ধীরে ধীরে ঘনিয়ে আসছে বিসিবি নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক। শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস নেই বাকি পদগুলোতেও।
ক্যাটাগরি-১ এর অন্তর্ভুক্ত বরিশাল বিভাগ থেকে লড়ছেন দু’জন। মিজানুর রহমানের বিরুদ্ধে জয় পেতে আশাবাদী মুনতাসির আলম চৌধুরী। তৃণমূলে কাজের অভিজ্ঞতা থাকায় নিজেকে এগিয়ে রাখছেন ভোলা জেলার এ কাউন্সিলর। নির্বাচিত হলে কি কি করবেন সেটারও রূপরেখা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
মুনতাসির আলম চৌধুরী বলেন, ‘আমি জানি, মফস্বলের ক্রীড়া সংস্থাগুলি বা ক্রিকেট কমিটিগুলি কত কষ্ট করে একটা খেলা পরিচালনা করে। অন্যান্য বিভাগ থেকে বরিশাল বিভাগ পিছিয়ে আছে। এর জন্য আমাদের বেশ কিছু জায়গায় কাজ করতে হবে। আমাদের প্র্যাকটিস ফেসিলিটিজ দরকার। মাঠ একটা বড় সমস্যা। আমাদের ভোলায় একটাই মাঠ, ক্রিকেট পিচ করলে তারপরের বছরই ফুটবল হয়, ফুটবল হয়ে আবার ওই পিচটা নষ্ট হয়ে যায়। এরকম অবকাঠামোগত বা প্র্যাকটিস ফেসিলিটিজটা যদি আমরা বাড়াতে পারি, ইনশাল্লাহ বরিশাল বিভাগ থেকেও আমি আশা করবো, আমি পরিচালক হতে পারলে, আমি বেশ কিছু খেলোয়াড় ঢাকার মাঠে ইনশাল্লাহ দিতে পারবো।’
এদিকে ক্যাটাগরি-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা সরকার মাহবুব আহমেদ শামীম দূর করতে চান ক্লাব-বিসিবির দূরত্ব। দীর্ঘদিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লাব ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান তিনি।
এছাড়া খেলোয়াড়দের সুস্থতা ও ইনজুরি কাটিয়ে উঠতে চিকিৎসা ব্যবস্থায় সমন্বয় করতে চান পেশায় চিকিৎসক এ প্রার্থী।
আরও পড়ুন:
মাহবুব আহমেদ শামীম বলেন, ‘আমি ক্লাব ক্যাটাগরি থেকে ইলেকশন করছি। ক্লাবের প্রতি আমার একটা যেহেতু এক্স প্লেয়ার, বর্তমান সংগঠক, তো ক্লাবের প্রতি আমার একটা বিশেষ দায়িত্ব আছে। ক্লাবকে কী করে স্বাবলম্বী ভাবে তৈরি করা যায়, শুধুমাত্র ওয়ান্ডারার্স ক্লাব না, সব ক্লাবই কীভাবে, কারণ ক্লাবগুলোর অনেক সমস্যা। প্রতি বছরই আসলে ক্লাবকে অনেক কষ্ট করতে হয়। বিসিবি কিছু সহায়তা করে কিন্তু তারপরেও নিজস্বভাবে যাতে ক্লাব তারা তৈরি করতে পারে, নিজেদের প্লেয়ারদেরকে পরিচর্যা করতে পারে, মাঠের ব্যবস্থা করা, তাদের অর্থনৈতিক ব্যাপারগুলো দেখা এবং প্লেয়ারদের দেখভাল করা, খেলোয়াড়রা যাতে ইনজুরিপ্রবণ না হয়, খেলোয়াড়দের স্বাস্থ্য যাতে ঠিক থাকে, সেজন্য ফিজিওথেরাপিস্ট এবং বিশেষ করে ফিজিক্যাল মেডিসিন এবং অর্থোপেডিক ডাক্তারদের একটা আসলে সমন্বয় জরুরি, তো সেদিকে আমার নজর থাকবে।’
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে এবারের বিসিবি নির্বাচন।




