ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী— যশোরে নাসীরউদ্দীন পাটওয়ারী

বেনাপোলে তোপের মুখে এলাকা ত্যাগ

তোপের মুখে এলাকা ত্যাগ করতে হয়েছে নাসীরউদ্দীন পাটওয়ারীকে
তোপের মুখে এলাকা ত্যাগ করতে হয়েছে নাসীরউদ্দীন পাটওয়ারীকে | ছবি: এখন টিভি
0

ভারত একটি খুনি রাষ্ট্র এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি খুনি বাহিনী মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, এদের হাত থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। আজ (বুধবার, ৩ জুন) যশোরের শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সীমান্ত পরিস্থিতি পরিদর্শনকালে নাসীরউদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘সীমান্ত দিয়ে কোনো ধরনের ‘‘পুশইন’’ (জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়া) বরদাশত করা হবে না।’ একই সঙ্গে সীমান্ত হত্যার স্থায়ী সমাধান ও বিচারের জন্য আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার ওপর জোর দেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে শার্শার সাদিপুর সীমান্তের খড়ের মাঠ এলাকা পরিদর্শন করেন নাসীরউদ্দীন পাটওয়ারী। এসময় তিনি সীমান্তের কাছাকাছি নিরাপদ দূরত্বে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তার সঙ্গে স্থানীয় জামায়াত-শিবির এবং জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সীমান্ত এলাকা পরিদর্শন শেষে বেনাপোল পর্যটন মোটেলে সাংবাদিক, স্থানীয় সুধীজন ও বিভিন্ন মহলের সঙ্গে তার মতবিনিময় সভা করার কথা ছিল। তবে সীমান্ত থেকে ফেরার পথে তার দেয়া কিছু বক্তব্যে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে উত্তেজিত জনতার ধাওয়ার মুখে তোপের মুখে পড়ে তিনি দ্রুত বেনাপোল এলাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে সাদিপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশিদের পুশইন করার চেষ্টা চালাচ্ছে বিএসএফ। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের পাশাপাশি দুই দেশের সীমান্তে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

এনএইচ