যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ইসরাইলি হামলা, নিহত ৩

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় বিধ্বস্ত একটি গাড়ির ধ্বংসাবশেষ
গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় বিধ্বস্ত একটি গাড়ির ধ্বংসাবশেষ | ছবি: সংগৃহীত
0

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনীর নতুন হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২ জুন) চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। চিকিৎসাসূত্রের বরাত দিয়ে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

চিকিৎসাসূত্র জানায়, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার সালাহ আল-দিন সড়কে একটি বেসামরিক গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হন। এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তরাঞ্চলে ইসরাইলি বাহিনীর গুলিতে মাথায় আঘাত পেয়ে আরও এক ফিলিস্তিনি প্রাণ হারান।

এর আগে মঙ্গলবার ভোরে মধ্য গাজার বানি আবু সালাহ এলাকায় বেসামরিক নাগরিকদের একটি জটলা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইল। আল-আকসা শহীদ হাসপাতালের চিকিৎসাসূত্র নিশ্চিত করেছে যে, ওই হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া খান ইউনিসের দক্ষিণাঞ্চলে ভারী কামানের গোলাবর্ষণ করা হলেও সেখানে হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, উত্তর ও দক্ষিণ গাজার যেসব এলাকা ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে তারা ভবন ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়া অব্যাহত রেখেছে।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে গাজা মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চলাকালেই ইসরাইলি বাহিনীর প্রায় প্রতিদিনের হামলায় অন্তত ৯৩২ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৮৫৯ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দুই বছরের রক্তক্ষয়ী ও নৃশংস যুদ্ধের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে সিংহভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ।

এএম