চিলিতে বিশ্বকাপ উন্মাদনায় ব্যতিক্রমী ‘স্টিকার বিনিময় উৎসব’

চিলিতে স্টিকার বিনিময় উৎসব
চিলিতে স্টিকার বিনিময় উৎসব | ছবি: সংগৃহীত
0

চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত হলো ২০২৬ বিশ্বকাপকে ঘিরে দেশের সবচেয়ে বড় ‘স্টিকার বিনিময় উৎসব’। গতকাল (রোববার, ৩১ মে) সান্তিয়াগোর বিসেনতেনারিও স্টেডিয়ামে চিলির ইতিহাসের সবচেয়ে বড় এ উৎসব অনুষ্ঠিত হয়।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মাঠে গড়ানোর আগেই উৎসবের আমেজ শুরু হয়েছে চিলির সান্তিয়াগোতে। বিসেনতেনারিও স্টেডিয়ামের সবুজ গালিচায় এখন ফুটবলারদের পায়ের জাদু নয়, বরং চলছে স্টিকারের জাদুর খেলা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে চিলির সবচেয়ে বড় স্টিকার বিনিময় উৎসব ‘কাম্বিয়াত’-এ জড়ো হয়েছিলেন হাজারো ফুটবল অনুরাগী। লক্ষ্য একটাই-পছন্দের প্যানিনি অ্যালবামটি সম্পূর্ণ করা। আনন্দমুখর পরিবেশে দেখা গেল নানান পেশার ফুটবল সমর্থকদের।

দর্শকদের মধ্যে একজন বলেন, ‘আমার মনে আছে, আমাদের সময়ে আমরা শুধু স্কুলেই স্টিকার বিনিময় করতাম। ব্যাস, ওটুকুই ছিল। আর এখন প্রযুক্তির ছোঁয়ায়, মোবাইল ফোন আর এ আধুনিক আয়োজনের যুগে, পুরো ব্যাপারটা আমার কাছে সত্যিই অসাধারণ লাগছে।’

আরও পড়ুন

এ উৎসবে শুধু চিলির নাগরিকরাই নন, এসেছিলেন প্রতিবেশী দেশ আর্জেন্টিনার অসংখ্য ফুটবল ভক্তও। আর তাদের এ স্টিকার মেলানোর পেছনে কাজ করেছে এক অদ্ভুত কুসংস্কার ও শিরোপা ধরে রাখার স্বপ্ন।

কেউ খুঁজছেন মেসির স্টিকার, কেউবা রোনালদো কিংবা এমবাপ্পের। ফুটবলারদের এ ছোট ছোট কাগজের টুকরোই যেন এক সুতোয় গেঁথেছে চিলি আর আর্জেন্টিনার ফুটবল উন্মাদনাকে। মাঠের খেলা শুরুর আগেই, মাঠের বাইরের এ মিলনমেলা প্রমাণ করে-ফুটবল শুধুই একটা খেলা নয়, এটি এক পরম আবেগ।

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল উন্মাদনার আরেকটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে চিলির এ স্টিকার-বিনিময় উৎসব।

জেআর