আজ (শনিবার, ২৩ মে) দুপুর ১টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলার নথিগুলো হারিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের করিম সরদারের ছেলে এবং জেলা যুগ্ম ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ এবং তার ভাই সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ, শৈলগাছী ইউনিয়নের সিংবাচা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এস.এম আকাশ (২৬) এবং জেলার রানীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের আমজাদের ছেলে সবুজ (৪০)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ জেলা ও দায়রা জজ আমাকে জানায় ৯০৪/২০২২ নং মামালার নথিগুলো হারিয়ে গেছে এবং একটি অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে মামলার নথি ফিরিয়ে দিবে মর্মে আদালতের কর্মচারীর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
এরপর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমটি প্রথমে রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করে। পরে মূল চোরকে শনাক্ত করে সদর উপজেলার সিংবাচা বাজার এলাকা থেকে এসএম আকাশ নামে একজনকে গ্রেপ্তার কর হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে খড়ের একটি পালা থেকে মামলার নথিগুলো বের করে দেয়। আকাশ এ চক্রের সঙ্গে জড়িত বাকিদের নাম জানালে অভিযান চালিয়ে তাদেরও গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা ছিলো। আর কিছুদিন পরেই মামলাটির রায় ঘোষণা করা হবে। নথি চুরির পিছনে কী উদ্দেশ্য রয়েছে তা উদঘাটন করা হচ্ছে। তাদের সকলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।





