একটি জয়ের জন্য ২১ বছরের অপেক্ষা। ২০০৫ সালের কার্ডিফ মহাকাব্যের পর আর কখনোই ৫০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারানো হয়নি বাংলাদেশের। এবারে সেই সুযোগ আসছে মেহেদি হাসান মিরাজের দলের সামনে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে টাইগাররা।
সবশেষ টানা তিন ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি আপাতত বাংলাদেশ দলের সঙ্গী। টেস্ট সিরিজটাও পার হয়েছে স্বপ্নের মতো। কোচ আশরাফুল তাই আশা করেন, ওয়ানডেতে নির্ভীক হয়ে মাঠে নামবেন শিষ্যরা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ আশরাফুল বলেন, ‘এবার অবশ্যই তারা আমাদের হোম কন্ডিশনে আসছে, আসার আগে যদিও তারা ভালো একটা প্রস্তুতি নিয়ে আসবে। পাকিস্তানে তিনটা ম্যাচ খেলে তারপরে আসবে। আমরা যেভাবে শেষ তিনটা সিরিজ খেলছি, আমি বিশ্বাস করি আমাদের প্লেয়াররা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলে, তিনটা ডিপার্টমেন্টই ভালো করে, অস্ট্রেলিয়ার সঙ্গেও ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ।’
আরও পড়ুন
সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন লম্বা সময়। ড্রেসিংরুমের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো উল্লেখ করে নাফীস বলছেন, উন্নতি আসছে ক্রিকেটারদের মানসিকতায়।
বিসিবির ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ‘এখন গ্রাফটা বেশ ওপরের দিকে। ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো, তারা অনেক মোটিভেটেড। তারা অনেক পরিশ্রম করছে এবং আস্তে আস্তে আমাদের প্লেয়াররা বিশ্বাস করতে শুরু করেছে যে, একটা সিরিজ জয়, দুইটা সিরিজ জয় না, ধারাবাহিকতা। রিসেন্ট ট্র্যাক রেকর্ড দেখে আমি মনে করি, বাংলাদেশের সেই ক্যাপাসিটি আছে এবং বাংলাদেশ লাস্ট তিন-চার বছর ধরে যেই ধারাবাহিক ক্রিকেট খেলছে, এভাবে যদি আমরা খেলতে পারি, দল হিসেবে, যেটা আমরা পাকিস্তানের সঙ্গে খেলেছি, ওভাবে খেলতে পারি, কোনো দলই অজেয় না।’
নির্বাচক হাবিবুল বাশার অস্ট্রেলিয়া সিরিজের আগে আছেন ফুরফুরে মেজাজে। অ্যাওয়ে সিরিজে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার মতো মানসিকতায় আছেন ক্রিকেটাররা, সেটাই প্রত্যাশা করেন সাবেক এ অধিনায়ক।
বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমাদের দলটা এখন অনেক দূর এসেছে। আমরা মনে হয় রেজাল্টের কথা বলব না, বাট চ্যালেঞ্জ জানানোর জন্য বাংলাদেশ টিম এখন প্রস্তুত। আমরা কনফিডেন্ট, ডেফিনেটলি ইটস এ বিগ চ্যালেঞ্জ, সিরিজ টা আমাদের জন্য টাফ। কিন্তু আমরা সেটা মোকাবেলা করার জন্য মনে হয় প্রস্তুত।’
আগামী ৯ জুন থেকে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। এরপরেই আগস্টে তাসমান পাড়ের দেশটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ।





