গতকাল (শুক্রবার, ২২ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে তুলসি গ্যাবার্ড তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। আগামী ৩০ জুন গোয়েন্দা প্রধান হিসেবে তার শেষ কর্মদিবস হতে যাচ্ছে। গোয়েন্দা প্রধানের পদত্যাগের এ চিঠিটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এও প্রকাশ করা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে লেখা চিঠিতে তুলসি গ্যাবার্ড বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য এবং গত দেড় বছর ধরে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয় পরিচালনা করার সুযোগ দেয়ার জন্য আমি আপনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমার স্বামী আব্রাহাম সম্প্রতি একটি অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আগামী দিনগুলোতে তাকে বড় ধরনের শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এ কঠিন সময়ে তার পাশে থাকা এবং তাকে সম্পূর্ণ সমর্থন দেয়া আমার প্রথম দায়িত্ব। তাই আমি জনসেবা থেকে সাময়িকভাবে সরে দাঁড়াচ্ছি।’
আরও পড়ুন:
চিঠিতে তিনি তাদের ১১ বছরের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করে বলেন, ‘পূর্ব আফ্রিকায় সামরিক মিশন ও একাধিক রাজনৈতিক প্রচারণাসহ আমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমার স্বামী পাথরের মতো অবিচল পাশে ছিলেন। তাই এই কঠিন লড়াইয়ে স্বামীকে একা ফেলে রেখে সরকারের এত বড় ও সময়সাপেক্ষ পদে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়।’
তবে আগামী ৩০ জুনের মধ্যে নতুন নেতৃত্বের কাছে সমস্ত দায়িত্ব সুশৃঙ্খলভাবে হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান হিসেবে শপথ নেয়ার পর গত দেড় বছরে তুলসি গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা সংস্থায় ব্যাপক রদবদল আনেন। তার উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে ছিলো— সংস্থার আকার ছোট করে মার্কিন করদাতাদের বছরে ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি সাশ্রয় করা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ড এবং ট্রাম্প-রাশিয়া তদন্ত সংক্রান্ত প্রায় ৫ লাখ পাতারও বেশি অত্যন্ত গোপনীয় সরকারি নথি অবমুক্ত করা। এছাড়া মাদক-সন্ত্রাসের সাথে জড়িত ১০ হাজারেরও বেশি মানুষকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে তার বিভাগ বড় ভূমিকা পালন করে।
জনপ্রিয় এ শীর্ষ কর্মকর্তার আকস্মিক পদত্যাগের ঘোষণায় হোয়াইট হাউস ও মার্কিন রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সে বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এখনো কিছু জানানো হয়নি।





