সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, ‘আপনারা যদি এগিয়ে না আসেন, সেটা কীভাবে হবে, না হবে সেটা একটা বিষয়। কিন্তু আপনারা মনে রাখবেন পার্বত্য জনগণ সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমরা এই পার্বত্য চুক্তি আদায় করে ছাড়বো।’
তিনি বলেন, ‘আপনারা কিন্তু পার্বত্য সমস্যাকে হালকা করে দেখবেন না। পার্বত্য সমস্যাকে যথাযথভাবে দেখার চেষ্টা করুন। এই সমস্যাটাকে সমাধানে এগিয়ে আসুন। আপনারা যদি মনে করেন এই পার্বত্য সমস্যায় নজর না দিলেও চলবে। আবেগে নয়, ভাবাবেগে নয়। আমি বুঝেশুনে আপনাদের কাছে বার্তা দিতে চাই-আপনাদের সময় দেয়া হয়েছে, সুযোগ দেয়া হয়েছে। চুক্তি বাস্তবায়ন তথা পার্বত্য সমস্যা সমাধানের জন্য।’
সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে রাঙামাটিতে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে এ সমাবেশ দলটির ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
এবারের আয়োজনে ‘সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ’ অধিকতর সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সকালে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে পিসিপির অনিয়মিত মুখপত্র ‘কেওক্রডং’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গিরীসুর শিল্পীগোষ্ঠী গণসঙ্গীত পরিবেশন করে।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রুমেন চাকমার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি জিকো চাকমা প্রমূখ।
২১ মে সকালে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে পিসিপির প্রতিনিধি সম্মেলন ও ৩০তম কাউন্সিলের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি হবে।




