নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে পুলিশ ও স্থানীয়দের ভিড়
স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে পুলিশ ও স্থানীয়দের ভিড় | ছবি: এখন টিভি
0

নওগাঁর বদলগাছীতে অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের সংঘর্ষে উম্মে কুলসুম নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মমতাজ বেগম নামে আরেক শিক্ষিকা গুরুত্বর আহত হয়েছেন।

আজ (মঙ্গলবার, ১৯ মে) দুপুরে উপজেলার বদলগাছী-নজিপুর আঞ্চলিক সড়কের চাকরাইল বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকা উম্মে কুলসুম বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং তার বাড়ি উপজেলা সদরে পুরাতন ব্রীজ এলাকায়। আহত মমতাজ বেগম একই স্কুলে সহকারী শিক্ষিকা এবং উপজেরার গোরশাহী গ্রামে বাড়ি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যালয় ছুটির পর একটি সিএনজিযোগে উম্মে কুলসুম এবং মমতাজ বেগম বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহ করতে একসঙ্গে পাশের মহাদেবপুর উপজেলায় যাচ্ছিলেন। পথে বদলগাছী-নজিপুর আঞ্চলিক সড়কের চাকরাইল বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে তারা দু’জনই গুরুতর আহত হোন।

ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। আহত মমতাজ বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামিম ইয়াসার বলেন, ‘শিক্ষিকা উম্মে কুলসুমকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনার সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন।’

লাবণ্য প্রভা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষিকা উম্মে কুলসুমের মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমন মর্মান্তিক ঘটনা আমাদের বাকরুদ্ধ করেছে।’

বদলগাছী থানার পরিদর্শক (ওসি) রুহুল আমীন বলেন, ‘ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত সিএনজি এবং ধানমাড়াই করা মেশিন জব্দ করা হয়েছে।’

তবে ঘটনার পর সিএনজি ও ধান মাড়াই করা মেশিন চালক পালিয়ে গেছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এসএইচ