কোরবানি উপলক্ষে যশোরের খামারে উট, ভিড় ক্রেতা-দর্শনার্থীর

উটের খামার
উটের খামার | ছবি: এখন টিভি
0

কোরবানির বাজার ধরতে মরুভূমির জাহাজ খ্যাত উট এখন যশোরের খামারে। জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দিন তার নিজস্ব খামারে পাঁচটি উট বিক্রির জন্য মোটা তাজা করেছেন। ১২ থেকে ১৫ ফুট উচ্চতার একেকটি উটের দাম হাঁকা হচ্ছে ২২ থেকে ৩০ লাখ টাকা। উটগুলো দেখতে প্রতিদিনই সীমান্ত এলাকার ওই খামারে ভিড় করছেন উৎসুক মানুষ।

যশোরের সীমান্তবর্তী পুটখালী গ্রামের এ খামার এখন স্থানীয়দের অন্যতম আকর্ষণ। বিশালদেহী পাঁচটি উট ঘিরে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সি মানুষ। কেউ দেখছেন, কেউবা মোবাইল ফোনে ছবি তুলছেন মরুভূমির প্রাণীটির সঙ্গে।

দেড় বছর আগে বাণিজ্যিকভাবে উট পালনের উদ্দেশ্যে সৌদি আরব থেকে উটগুলো আমদানি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিয়মিত পরিচর্যা, চিকিৎসা এবং দেশিয় খাবার খাওয়ানো হচ্ছে উটগুলোকে। বর্তমানে ১২ থেকে ১৫ ফুট উচ্চতার প্রতিটি উটের দাম হাঁকা হচ্ছে ২২ থেকে ৩০ লাখ টাকা। এরই মধ্যে ২৬ লাখ টাকায় একটি উট বিক্রি হয়েছে বলেও জানান তারা।

একজন খামারি বলেন, ‘এগুলো কোরবানি জন্য প্রস্তুতি করেছি, বিক্রি করার জন্য। এখান থেকে ঢাকায় নিয়ে বিক্রি করে দেবো।’

খামারে আসা দর্শনার্থীরা বলছেন, বড় বাজেট না থাকায় অনেকের পক্ষে উট কেনা সম্ভব নয়। তবে ব্যতিক্রমী এই পশুটি কাছ থেকে দেখতে এবং ছবি তুলতেই তারা ছুটে আসছেন খামারে।

আরও পড়ুন

উট দেখতে এসে একজন বলেন, ‘সৌদি আরবের উট আসলে আমাদের দেশে আবেগের জায়গা। দাম অনেক বেশি, প্রায় ২০ লাখের উপরে।’

যশোরে মরুভূমির পরিবেশ না থাকলেও সমতলের এই জেলায় উট পালনকে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা। সঠিক পরিচর্যা ও পরিবেশ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের খামার আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মনে করছেন তারা।

যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দীকুর রহমান বলেন, ‘উট যেহেতু মরুভূমির প্রাণী, আমাদের দেশে তো মরুভূমি নাই। আমাদের সমতল ভূমি, কিছু পাহাড়ি এলাকা আছে এখানে কিন্তু উটেরা এ যে ন্যাচারাল খাদ্য দিয়েই, অর্থাৎ ঘাস বা দানা খাদ্য দিয়েই কিন্তু উটটা পালন করা হয়। সেক্ষেত্রে আমি বলব, উট পালা যারা ভয় পাচ্ছেন না, ভয় পাওয়ার কিছু নাই। আপনি নিঃসন্দেহে উট পালতে পারেন, উট পালা অবশ্যই লাভজনক।’

কুরবানির বাজারে ভিন্নতা আনতে এবার যশোরের খামারে জায়গা করে নিয়েছে মরুভূমির উট। ব্যতিক্রমী এ উদ্যোগ যেমন মানুষের আগ্রহ বাড়িয়েছে, তেমনি সম্ভাবনার নতুন দুয়ারও দেখছেন খামারিরা।

জেআর