বিশ্বকাপ ফুটবলে এমনিতেই দর্শক-সমর্থকদের উত্তেজনা থাকে তুঙ্গে। সেই মাত্রা আরও বাড়িয়ে দেয় প্রিয় দলের গোল। বিশ্বকাপের মঞ্চে আইকনিক সব গোল করে মুগ্ধ করেছেন ম্যারাডোনা-পেলে-মেসিরা। নিজেরা যেমন গড়েছেন রেকর্ড, তেমনই দলের অর্জনের ঝুলি হয়েছে সমৃদ্ধ।
এখন পর্যন্ত বিশ্বকাপের ২২টি আসরে অন্তত একটি করে ম্যাচ খেলেছে ৮০টি দেশ। যেখানে সব দল মিলে গোল করেছে ২ হাজার ৭০০-এরও বেশি। সবাইকে ফেলে দলগত গোল স্কোরিংয়ে সবার ওপরে ব্রাজিল। একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপের সব আসরে অংশ নেয়া দলটি ১১৪ ম্যাচে ২৩৭টি গোল করেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সর্বোচ্চ গোলদাতা রোনালদো নাজারিও করেছেন পনেরোটি গোল।
২০বার বিশ্বকাপে অংশ নেয়া জার্মানি মোট ১১২টি ম্যাচ খেলেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২৩২ গোল করে তালিকার দুইয়ে। ডাইম্যানশাফটদের মিরোস্লাভ ক্লোসা ১৬ গোল করে জার্মানি তো বটেই, বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ গোলদাতা।
আরও পড়ুন:
বিশ্বকাপে দলগতভাবে সর্বোচ্চ গোল করার রেকর্ডে তিনে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ১৮বার অংশ নিয়ে ৮৮ ম্যাচে ১৫২টি গোল করেছে। ১৩টি গোল করে আলবিসেলেস্তেদের সর্বোচ্চ গোলদাতা ও সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এবারের আসরে ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তার সামনে।
বর্তমান রানার্স আপ ফ্রান্স ৭৩ ম্যাচে ১৩৬ গোল করে তালিকার চারে অবস্থান করছে। এখন পর্যন্ত ১৬টি আসরে অংশগ্রহণ করে দুইবার শিরোপার স্বাদ পেয়েছে। লেস ব্লুজদের সর্বোচ্চ গোলস্কোরার জ্যা ফন্তে।
বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ইতালি দলগত গোল করার দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। ১৮টি আসরে অংশ নিয়ে ৮৩ ম্যাচে ১২৮ গোল করেছে দলটি। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে শেষ ৩ আসরে জায়গা নিশ্চিত করতে না পারা আজ্জুরিদের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ান ভিয়েরি, করেছেন ৯ গোল।




