সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’; অস্ত্র-গোলাবারুদসহ ৩ বনদস্যু আটক

আটক তিনজন
আটক তিনজন | ছবি: সংগৃহীত
0

সুন্দরবনে পঞ্চমবারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামের বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারুদসহ তিন বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত দস্যু মো. মেহেদী হাসান (২৫) ও মো. রমজান শরীফ (১৯) এবং মো. এনায়েত (২৫) সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য।

তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দেশিয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, দু’টি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।

আজ (শুক্রবার, ১৫ মে) বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস তৌহিদ’র নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবন পূর্ব বন বিভাগের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। বুধবার (১৩ মে) থেকে অভিযান শুরু করা হয়। শুক্রবার সকাল পর্যন্ত দুই দিন ব্যাপী অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর তিনজন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। এই ডাকাতরা এই জেলেদের অপহরণ করেছিল। গেল বুধবার বন বিভাগ জেলেদের উদ্ধার করতে সক্ষম হলেও, ডাকাতদের আটক করতে পারেনি।’

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আটককৃত দস্যু মো. মেহেদী হাসান (২৫) ও মো. রমজান শরীফ (১৯) বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার বাসিন্দার এবং মোঃ এনায়েত (২৫) ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাসিন্দা।

এসএস