সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রমোদতরীতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মৃত্যু হয় কমপক্ষে ৩ জনের। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। যারমধ্যে জাহাজটির চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক। গত ৩ মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ বিষয়ে তথ্য জানানো হয়।
এরইমধ্যে, স্থানীয় সময় মঙ্গলবার নেদারল্যান্ডসের ওই জাহাজ থেকে হান্টাভাইরাসে আক্রান্তদের এয়ার অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেয়া হয়েছে।
উদ্ভূত এ পরিস্থিতিতে অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পুরো বিশ্বের মানুষ। তাই প্রশ্ন জাগতেই পারে এটা আবার কি ধরণের ভাইরাস? জানা গেছে, দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নামানুসারে এই ভাইরাসের নামকরণ করা হয় এবং সত্তরের দশকে ওই এলাকাতেই প্রথম এই ভাইরাস শনাক্ত হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও বলছে, হান্টাভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীবাহিত একটি ভাইরাস। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে তা বিরল। সংস্থাটি আরও বলছে, সাধারণত ইঁদুরের বিষ্ঠা, লালা ও প্রস্রাব থেকে হান্টাভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ইঁদুর বাসা বেঁধেছে—এমন জায়গা পরিষ্কার করা বা ঝাড়ু দেওয়ার সময় এই ভাইরাস বাতাসে মিশে যায় এবং নিশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে।
তবে কখনও কখনও প্রাণঘাতী হয়ে উঠতে পারে হান্টাভাইরাস। কেননা এ ভাইরাসে দুই ধরনের রোগ সৃষ্টি করে। এর একটি ফুসফুসকে আক্রান্ত করে এবং অন্যটি সরাসরি আঘাত হানে কিডনিতে। তবে ফুসফুসের সংক্রমণটিই সবচেয়ে বেশি উদ্বেগের। কারণ, এতে মৃত্যুহার অনেক বেশি—প্রায় ৪০ শতাংশ। এদিকে, কানাডা সরকারের দেয়া তথ্য মতে, প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ২০০ মানুষ হান্টাভাইরাসে আক্রান্ত হন। অভিনেতা জিন হ্যাকম্যানের স্ত্রী ও কনসার্ট পিয়ানোবাদক বেটসি আরাকাওয়া ২০২৫ সালে নিউ মেক্সিকোতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
সুইজারল্যান্ডের জেনেভা গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের অধ্যাপক ড্যানিয়েল বাউশ বলেন, দুর্ভাগ্যবশত, জাহাজে থাকা মানুষদের জন্য এটি একটি উদ্বেগজনক ঘটনা। আমরা জানি যে, প্রমোদতরীর মতো জায়গাগুলোতে ছোট পরিসরে অনেক বেশি মানুষ গাদাগাদি করে থাকে। সেখানে রোগজীবাণু মানুষ থেকে মানুষে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। হান্টাভাইরাসকেও সেই তালিকায় যুক্ত করা প্রয়োজন।
তবে হান্টাভাইরাস সংক্রমণের সুনির্দিষ্ট কোনো চিকিৎসাপদ্ধতি না থাকলেও সাধারণত রোগীর বিশ্রামের ওপর জোড় দিয়েছে বিশেষজ্ঞরা। তবে এ নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন তারা।





