কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭, অস্ত্র-গোলাবারুদসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ৫ মে) সকাল ৬টা ১০ মিনিটের দিকে রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহাম্মদ আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স।

পরে সকাল ৯টা ১৫ মিনিটে একই এলাকার আমির হোসেন ওরফে কালাবাঁশির (২৭) বসতঘরের সামনের কক্ষ থেকে অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আমির হোসেন ওরফে কালাবাঁশি, হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস ওরফে শুভ রাজ এবং শেফায়েত নুর।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশিয় তৈরি একনলা বন্দুক, তাজা ও খালি অ্যামুনেশন, শটগানের কার্তুজ, কিরিচ, চকলেট বোমা, অস্ত্র তৈরির নকশা এবং বিভিন্ন ধরনের লোহার সরঞ্জামসহ মোট ৩০ ধরনের সামগ্রী।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস