হরমুজে উত্তেজনা: যুদ্ধ শুরুর আশঙ্কায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরাজমান অচলাবস্থা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। হরমুজ প্রণালিতে নতুন করে শুরু হওয়া এ সংঘাত তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে। খবর আল জাজিরার।

সোমবার বিশ্ববাজারে তেলের আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১৪ ডলার ৪৪ সেন্টে গিয়ে ঠেকেছে।

যদিও মঙ্গলবার ভোরের দিকে (জিএমটি ০২:০০ পর্যন্ত) ব্রেন্ট ফিউচারের দাম সামান্য কমে ১১৩ ডলার ৫৪ সেন্টে নেমেছে, তবে বাজার বিশ্লেষকরা সতর্কবার্তা দিয়েছেন। তাদের মতে, পারস্য উপসাগরে যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় তেলের বাজার চড়া থাকারই সম্ভাবনা বেশি।

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মিসাইল ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর হাতে ইরানের দ্রুতগামী সামরিক জাহাজ (ফাস্ট বোট) ডুবিয়ে দেওয়ার দাবির পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এ অস্থিতিশীলতার কারণেই বিনিয়োগকারীরা তেলের ভবিষ্যৎ দাম নিয়ে শঙ্কিত।

এএইচ