স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ | ছবি: সংগৃহীত
0

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি।

আজ (রোববার, ৩ মে) স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় স্পীকার বলেন, ‘দুই দেশের জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং সাংস্কৃতিক মেলবন্ধনের শক্ত ভিত্তির ওপর ভর করেই বাংলাদেশ ও আলজেরিয়ার আগামীর যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।’

তিনি বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়া সরকারের সমর্থন বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উজ্জীবিত করেছে।’

স্পীকার বলেন, ‘বাংলাদেশে বিগত ১৬ বছরের শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিপন্ন হয়েছিল। বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এ দীর্ঘ সময়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয়।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।’

এ সময় আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘আলজেরিয়ার সরকার ও জনগণ বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপক প্রশংসা করেছে।’

সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ শিল্প, পোশাক রপ্তানি, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা ও জ্বালানি নিয়ে মতবিনিময় করেন।

স্পীকার আলজেরিয়ার সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আলজেরিয়ার দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএস