১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত | ছবি: এখন টিভি
0

জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশ বিমানের জন্য নতুন করে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজ চলছে বলেও তিনি জানান। এছাড়া বছরে তিন কোটি বিদেশি পর্যটক আনার উদ্যোগ নেয়া হয়েছে।

আজ (শনিবার, ২ মে) বিকেলে জামালপুর আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে ‘স্বপ্নের পথে, বিজয়ের পথে’ স্লোগানে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ বছর হজযাত্রীদের বিমানভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে। আগামীতে আরও কমানো হবে। সৌদিতে হাজিদের ইমিগ্রেশন ও ভিসা জটিলতা নিরসনে সৌদি সরকারের সঙ্গে কথা বলা হয়েছে, যাতে তাদের কোনো সমস্যায় না পড়তে হয়।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্ম যেন খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সবলভাবে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।’

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নতুন কুঁড়ি স্পোর্টসে আটটি ইভেন্টে প্রায় সাত’শ খেলোয়াড় অংশ নেয়।

এএম