গত বৃহস্পতিবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, তিনি ইরানকে সামরিকভাবে ‘নিশ্চিহ্ন’ করে দিয়েছেন। অথচ সংবাদমাধ্যমগুলো প্রচার করছে যে ইরান ভালো করছে।
ট্রাম্প বলেন, ‘প্রতিদিন আমি পড়ি তারা সামরিকভাবে কতটা ভালো করছে। অথচ তাদের আর কিছুই অবশিষ্ট নেই, তারা শেষ। নিউ ইয়র্ক টাইমস আর ওই নির্বোধ সিএনএন-এ আমি এসব দেখি। আমি কেবল এই কারণেই সিএনএন দেখি যে শত্রুপক্ষকে একটু হলেও নজরে রাখতে হয়।’
ট্রাম্প আরও অভিযোগ করেন, এই দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোতে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে যেন ইরান ‘যুদ্ধে জিতছে’। তিনি বলেন, ‘আমার মতে নিউ ইয়র্ক টাইমস যা করছে তা প্রকৃতপক্ষে দেশদ্রোহী। সেখানকার কলামিস্টরা কী লিখছেন তা দেখুন, এটি ভয়াবহ একটি বিষয়।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘সবাই আসল তথ্য জানে। আমরা ইরানকে তছনছ করে দিচ্ছি।’
এর আগে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড মন্তব্য করেছিল যে ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী তাদের ‘ধার’ হারিয়ে ফেলছে। তারা যুক্তি দিয়েছিল, কিছু কৌশলগত সুবিধা পেলেও যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সার্বিক বিজয় অর্জন করতে পারেনি, যা শেষ পর্যন্ত ওয়াশিংটনকে দুর্বল করে দিতে পারে।





