গত ২৭ এপ্রিল মধ্যরাতে মাস্ক পড়ে ডি মাজেন্ড গির্জায় এভাবেই ডাকাতি শেষে বের হতে দেখা যায় চক্রের দুই সদস্যকে। অন্যদিকে, বাইরে তাদের জন্য রিকশা নিয়ে অপেক্ষায় ছিলেন আরেকজন।
ঘটনার দিন গির্জার দেয়াল টপকে ভিতরে ঢুকে গির্জার স্টাফদের দরজা সামনে থেকে বন্ধ করে দেয় ডাকাত চক্রটি। পরে গির্জার পরিচালক ফাদার সুবাস পুলক গোমেজের রুমে ঢুকে তার হাত পা বেঁধে প্রায় আড়াই লাখ টাকাসহ গুরত্বপূর্ণ কাগজপত্র লুট করে নেয় তারা। আজ (শুক্রবার, ১ মে) রাজধানীর ভাটারা থানায় সংবাদ সম্মেলনে এ ঘটনার বিস্তারিত তুলে ধরে পুলিশ।
আরও পড়ুন
ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, ‘তিন দিনের মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর আমরা সব কিছু উদ্ধার করতে পেরেছি।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে সিসিটিভি ফুটেজসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সরাসরি জড়িত ৩ জনকে আটক করে পুলিশ। যার মধ্যে একজন ব্যাটারিচালিত রিকশা চালক ছিলেন।
এম তানভীর আহমেদ বলেন, ‘তাদের মধ্যে একজনের নামে ৮টি মামলা রয়েছে। বলা যায় তারা আগে থেকেই দস্যুতা করে আসছে।’
অভিযানে লুট হওয়া অর্থসহ সব কিছু উদ্ধারের কথা জানায় পুলিশ।





