ইরানের নৌবহর ধ্বংসের দাবি নাকচ; পেন্টাগনের ভিন্ন তথ্য

ড্যান কেইন
ড্যান কেইন | ছবি: সংগৃহীত
0

ইরানের নৌবহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও বাস্তবে চিত্র ভিন্ন বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন স্বীকার করেছেন যে ইরানি নৌবাহিনীর সব জাহাজ ধ্বংস করতে মার্কিন সামরিক বাহিনী ব্যর্থ হয়েছে। মিডল ইস্ট মিররের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের ‘অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি’র এক শুনানিতে জেনারেল কেইন বলেন, ‘ইরানি নৌবাহিনী পুরোপুরি পরাজিত হওয়ার দাবি করা হলেও তাদের কিছু দ্রুতগতির ছোট যুদ্ধজাহাজ (ফাস্ট অ্যাটাক বোট) এখনো হরমুজ প্রণালিতে সক্রিয় রয়েছে। ইরানের কাছে এখনো এ ধরনের ছোট ও উচ্চগতিসম্পন্ন নৌযান মজুত আছে।’

এর আগে ইরান যুদ্ধ নিয়ে বেশ কিছু আক্রমণাত্মক বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের ১৫৯টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, যা ছিল দেশটির নৌবাহিনীর পুরো বহর। তবে পেন্টাগনের তথ্যে তার এই দাবি প্রশ্নবিদ্ধ হয়েছে।

পেন্টাগনের বক্তব্যের পর ট্রাম্প তার অবস্থান বদলে বলেন, ‘ইরানের নৌবাহিনীর যা অবশিষ্ট আছে তা হলো কিছু ছোট নৌকা এবং আমরা সেগুলোও ধ্বংস করব।’

তিনি আরও দাবি করেন, দুই সপ্তাহের বিরতির সুযোগে ইরান হয়তো পুনরায় অস্ত্র মজুত করেছে। এ সময় ইরানি নেতৃত্বের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘সে দেশের নেতা আসলে কে, তা কেউ নিশ্চিতভাবে জানে না।’

এএম