নাহিদ রানাকে নিয়ে যেন রীতিমত টানাটানি চলছে ক্রিকেট দুনিয়ায়। নিজের গতি দিয়ে পাকিস্তান সুপার লিগে আগুন ঝরিয়েছিলেন বাংলাদেশি এ পেসার। কিন্তু নিউজিল্যান্ডের হয়ে হোম সিরিজের জন্য নাহিদ রানাকে উড়িয়ে আনা হয় ঢাকায়। দেশের মাটিতেও নিজের নামের ওপর থাকা আস্থার প্রতিদান দিয়েছিলেন চাঁপাই এক্সপ্রেস। কিউইদের বিপক্ষে হয়েছেন সিরিজসেরা।
এরপরেই আবার নাহিদ রানাকে পেতে মরিয়া হয়ে উঠে পেশোয়ার জালমি। মাঝে বাংলাদেশের হয়ে খেলতে গিয়ে মাঠের বিজ্ঞাপনে পেরেকের আঘাতে ইনজুরিতে পড়েছেন। ওয়ার্কলোড বিবেচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে পেয়েছেন বিশ্রাম। তারপরও অবশ্য পিএসএলে নাহিদকে পেতে জোর তৎপরতা চালায় পেশোয়ার জালমি। ইসলামাবাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পরেই পেশোয়ারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিসিবির সঙ্গে।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত বিসিবির ছাড়পত্রটাও পেয়েছেন তিনি। বিসিবি জানিয়েছে, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি মেডিকেল টিমও সায় দিয়েছে নাহিদ রানার পিএসএলে যোগ দেয়ার ব্যাপারে। মূলত ফ্র্যাঞ্চাইজি আসরের ফাইনালের মত বড় মঞ্চে খেলে নিজের অভিজ্ঞতা শানিয়ে নিতেই চাঁপাই এক্সপ্রেসকে ছাড়পত্র দিয়েছে বিসিবি।
৩ মের ফাইনালে অংশ নিয়েই দেশে ফিরবেন নাহিদ রানা। ৮ তারিখ থেকে শুরু হওয়া পাকিস্তান সিরিজে অংশ নেয়ারও সুযোগ থাকছে তার।
তাকে নিয়ে এমন আগ্রহের কারণটাও তৈরি করেছেন নাহিদ রানা নিজেই। দেশের হয়ে সবশেষ দুই ওয়ানডে সিরিজে হয়েছেন ম্যাচসেরা। দুই সিরিজেই আছে একটি করে ফাইফার। করেছেন রেকর্ডও। আর পিএসএলে ৪ ম্যাচ থেকে নিয়েছেন ৭ উইকেট। অন্তত ৬ উইকেট শিকার করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম গড়ও বাংলাদেশি এই পেসারের। ফাইনালের আগে তাই পেশোয়ার জালমির জন্য আরাধ্যই ছিলেন নাহিদ রানা। দেশে ফেরার দিনে পাকিস্তানী সমর্থকরা অনুরোধ জানিয়েছিলেন নাহিদ রানাকে ফিরতে। আর এবার ফাইনালে তার যোগ দেয়ার খবরে দেশটির সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উৎসব লেগেছে যেন।





