বিধানসভার দ্বিতীয় দফা ভোট: নিরাপত্তা থাকলেও রয়েছে বাস সংকট

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

বুধবার অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বিপুল-সংখ্যক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে নির্বাচন ঘিরে দেখা দিয়েছে বাস সংকট। সাত জেলার ১৪২টি আসনে চলবে কড়া লড়াই। ভোট গণনা আগামী ৪ মে।

বুধবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লড়াই। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের মোট ১৪২টি আসনে ভোট দেবেন সাধারণ মানুষ। ১৪৪৮ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন ভোটাররা।

এই দফার প্রধান আকর্ষণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াই। বিশেষ করে ভবানীপুর আসনে মমতা ব্যানার্জির জয়ের পথে বড় বাধা শুভেন্দু অধিকারী। এছাড়া বহু হেভিওয়েট মন্ত্রী, বিধায়ক এবং সেলিব্রেটি প্রার্থীদের ভাগ্যও কাল নির্ধারণ হবে ইভিএমে।

নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কমিশন। মোতায়েন করা হয়েছে রেকর্ড ২ হাজার ৩৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যেখানে এক কোম্পানিতে প্রায় ১০০ থেকে ১২০ জন কর্মী থাকেন। এরমধ্যে সবচেয়ে বেশি উত্তর চব্বিশ পরগনায় ৫০৭ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ কোম্পানি থাকছে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে বাইক বা মোটরসাইকেল চলাচলের ওপর বিশেষ নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে দল বেঁধে বাইক চালানো যাবে না, তবে জরুরি প্রয়োজন বা সাধারণ চলাফেরায় নিষেধাজ্ঞা নেই।

অন্যদিকে, নির্বাচনের কারণে অনেক সরকারি ও বেসরকারি বাস অধিগ্রহণ করেছে পরিবহণ অধিদপ্তর। ফলে রাস্তায় বাসের সংখ্যা অনেক কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আগামী ২৯ এপ্রিলের এ নির্বাচনের ভোট গণনা হবে ৪ মে। এখন দেখার বিষয়, কার হাতে উঠবে বাংলা শাসনের চাবিকাঠি।

এএইচ