এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবির এই বাণীটি যেন প্রযোজ্য উড়িষ্যায় বিষধর সাপের কবল থেকে ৩০ শিশুর প্রাণ বাঁচানো কালির জন্য।
সোমবার রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় স্থানীয় সময় সকালে শ্রী জগন্নাথ শিশু বিদ্যা মন্দিরের সামনে বসেছিল ৩০ শিশু। এসময় তাদের দিকে ধেয়ে আসে একটি বিষধর সাপ। কিছু বুঝে ওঠার আগেই সাপের সঙ্গে লড়াইয়ে জড়ায় কালি। একাধিক দংশনে আহত হলেও দমে না গিয়ে সাপকে মেরে ফেলে কুকুরটি।
তবে বিষক্রিয়ায় কিছুক্ষণের মাঝেই মারা যায় কালি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের মাতম দেখা যায় গ্রামজুড়ে। ফুল মোড়ানো কফিনজুড়ে যথাযথ রীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শুধু উড়িষ্যা নয়, পুরো ভারতবর্ষে কালি অভিহিত হচ্ছে বীর হিসেবে।





