আগামী ৩০ এপ্রিল জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বাফুফের। নতুন কোচের খোঁজে মার্চেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। শেষ সময়ে চলছে আবেদনপত্র বাছাই। এবার প্রচুর আবেদন এসেছে জানিয়ে কোচ বাছাইয়ের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন ইকবাল হোসেন।
বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, ‘আমরা মিটিং করেছি। একজন কোচকে নেয়ার জন্য আমাদের কাছে অনেকগুলো সিভি এসেছে যা বর্তমানে যাচাই বাচাইয়ের কাজ চলমান রয়েছে।’
আরও পড়ুন:
এদিকে পুনরায় কোচ হতে ক্যাবরেরা আবেদন করেছেন কি না, তা জানানোর পাশাপাশি আবেদন করা অন্য কোচদের যোগ্যতা সম্পর্কে ধারণা দিয়েছেন সাইদ হাসান কানন।
বাফুফের জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন বলেন, ‘ক্যাবরেরা আবেদন করে নাই। বর্তমানে আমাদের কাছে অনেকগুলো হাই লেভেলের কোচের সিভি আছে।’
কোচ হতে আবেদন করা নামের মাঝে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক তথ্যই ভুল বলে দাবি করেছেন কামরুল হাসান হিলটন। তবে অনেক হাই প্রোফাইল কোচ আবেদন করলেও তাদের প্রত্যাশা পূরণে বাফুফে প্রস্তুত বলে জানান তিনি।
বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন বলেন, ‘সামাজিক মাধ্যমে যে সব কোচের নাম এসেছে তার সব কিছু সঠিক না। যারা সিভি পাঠাচ্ছে তারাও তো দেখবে আমাদের অবকাঠামো কোন লেভেলে আছে। বলতে পারি আমারা জাতীয় দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’
হেড কোচের সাথে গোলকিপিং কোচও বাছাই করা হবে বলে জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির এ সদস্য।





