নোবিপ্রবিতে উপাচার্যের নামফলকের পাশে ‘গুপ্ত’ লিখলো ছাত্রদল

উপাচার্যের নামফলকের পাশে ‘গুপ্ত
উপাচার্যের নামফলকের পাশে ‘গুপ্ত | ছবি: এখন টিভি
2

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্যের দপ্তরের প্রবেশপথে নামফলকের পাশে ‘গুপ্ত’ লিখে তার ওপর ‘ক্রস’ চিহ্ন দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ (বুধবার, ২২ এপ্রিল) বেলা আনুমানিক ২টার দিকে ওই দেয়াললিখন কর্মসূচি পালন করা হয়।

এর আগে ক্যাম্পাসে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে আজ দুপুরে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একপর্যায়ে মিছিলকারীরা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের দপ্তরের সামনে আসেন। তারা ওই সময় দপ্তরের প্রবেশপথে বাম পাশে উপাচার্যের নামফলকের পাশে ও নিচে দুই জায়গায় ‘গুপ্ত’ লিখে তাতে ‘ক্রস’ চিহ্ন এঁকে দিয়ে চলে যান।

একইভাবে ছাত্রদলের নেতা-কর্মীরা উপাচার্যের বাংলোর প্রধান ফটকের পাশের দেয়ালেও ‘গুপ্ত’ লেখেন।

আরও পড়ুন:

কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান জানান, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে তারা বিক্ষোভ মিছিল করেন। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে “গুপ্ত” রাজনীতির বিরুদ্ধে দেয়াললিখন কর্মসূচি পালন করেন। এটি কোনো ব্যক্তিবিশেষকে উদ্দেশ করে লেখা হয়নি। কেউ যদি ইচ্ছেকৃতভাবে নিজের গায়ের দিকে বিষয়টি টেনে নেন তাহলে তিনি হয়তো ‘গুপ্ত’ রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, ‘সিটি কলেজে ছাত্রদলের একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে গতকাল সিটি কলেজ ছাত্রশিবির ছাত্রদলের ওপর নৃশংসতা চালায়। এর প্রতিবাদে নোবিপ্রবি ছাত্রদল আজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং দেয়াল লিখন কর্মসূচি পালন করে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে শিবির পেশিশক্তি প্রদর্শন করেছে। তারা যদি এই ধারাবাহিকতা অব্যাহত রাখে ছাত্রদল এর কঠিন জবাব দেবে।’

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইলকে ফোন করা হলে তিনি তা রিসিভ না করায় কোনো মন্তব্য নেয়া যায়নি।

এসএস