বান্দরবানে দুই সন্ত্রাসীকে পুলিশের হাতে সোপর্দ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র-গুলিসহ ২ সন্ত্রাসীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল (রোববার, ১৯ এপ্রিল) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন-নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর বাইশারী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ইসহাক মাস্টারের ছেলে আতাউল্লাহ কলিম (৩২) এবং মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রির ছেলে হারুন (২৬)।

পুলিশ ও স্থানীয় জানায়, দীর্ঘদিন ধরে আতাউল্লাহ কলিম ও হারুন স্থানীয় এলাকাবাসীদেরকে বিভিন্ন সময় হয়রানিসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে রোববার সন্ধ্যায় এলাকাবাসী ধাওয়া করে আতাউল্লাহ কলিম ও হারুনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলিসহ তাদের আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘এলাকাবাসী ধাওয়া করে অস্ত্রগুলিসহ দুইজনকে আটক করে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে।’ এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনের মামলা রুজু করা হবে জানান তিনি।

এএইচ