দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দক্ষ ও মানবিক প্রশাসন কর্মসভা
দক্ষ ও মানবিক প্রশাসন কর্মসভা | ছবি: সংগৃহীত
1

দক্ষ, সৎ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‌‘স্বাস্থ্য ও শিক্ষা খাত দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি, তাই এসব খাতের কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিয়ে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।’

আজ (রোববার, ১৯ এপ্রিল) সকাল ১০টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে আয়োজিত বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ৯৮তম, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০৯তম, বিপিএটিসির ৭৯তম এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২০৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, দক্ষতা, মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। রাষ্ট্রীয় সেবার মানোন্নয়নে আধুনিক প্রশিক্ষণ ও দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। এ সময় প্রশিক্ষণার্থীরা, একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এনএইচ