আজ (শনিবার, ১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক বিশেষ সম্মেলন আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।
তানসিভ জুবায়ের (৩৫) ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা। তিনি ২০১৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে ৩৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৭ সালের ২ মে সরকারি চাকরিতে যোগ দেন।
২০২৪ সালের ২৮ অক্টোবর থেকে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। দায়িত্ব নেয়ার পর এক বছরের ব্যবধানে স্বাস্থ্য কমপ্লেক্সটির বহির্বিভাগে রোগী বেড়েছে ১২ শতাংশ, অন্তর্বিভাগে ৫৯ শতাংশ। জরুরি বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে ১৩৫ শতাংশ এবং স্বাভাবিক প্রসব বেড়েছে ৭৩ শতাংশ।
আরও পড়ুন:
ডা. জুবায়ের বলেন, ‘যেকোনো স্বীকৃতিই কাজের গতি বাড়িয়ে দেয়। সীমিত সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি। তবে আমি এগিয়ে যেতে চাই বহুদূর।’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এ আয়োজনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাতচন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।





