আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে আমতলী এ. কে. স্কুল সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে এই কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনশন চলাকালীন বক্তারা জানান, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি বর্তমানে মাত্র দুই লেনের। পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের অন্যতম পর্যটন নগরী কুয়াকাটার সঙ্গে সারা দেশের যোগাযোগ সহজ হওয়ায় এই পথে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। কিন্তু রাস্তার প্রশস্ততা না বাড়ায় প্রতিনিয়ত ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এবং ঝরছে অসংখ্য প্রাণ।
আরও পড়ুন:
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ‘সরু রাস্তায় দ্রুতগতির যানবাহনের ওভারটেকিংয়ের অসুস্থ প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা দ্রুত এই সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি।’
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পর্যটন শিল্পের বিকাশ এবং দক্ষিণাঞ্চলবাসীর যাতায়াত নিরাপদ করতে সরকারকে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।’
বিকেল ৫টা পর্যন্ত চলা এই গণঅনশন কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি প্রদানের ঘোষণাও দেন আন্দোলনরত সচেতন নাগরিক সমাজ।




