বেনাপোল বন্দরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি

বেনাপোল বন্দরে নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
বেনাপোল বন্দরে নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি | ছবি: এখন টিভি
0

যশোরের বেনাপোল স্থলবন্দরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি টাকার আমদানিকৃত গাড়ি। আমদানিকারকরা খালাস না নেয়ায় মূল্যবান গাড়িগুলো ইয়ার্ডের জায়গা দখল করে আছে। যে কারণে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

দেশের সর্ববৃহৎ ও প্রধান স্থলবন্দর বেনাপোল। তবে প্রয়োজনীয় স্থান সংকটের কারণে বছরের পর বছর ইয়ার্ডে খোলা আকাশের নিচে পড়ে আছে আমদানিকৃত মূল্যবান গাড়ি। এভাবে পড়ে থাকায় নষ্ট হচ্ছে ইঞ্জিনসহ অবকাঠোমো। গাড়ির উপর জন্মেছে গুল্ম লতা। এসব গাড়ির কারণে প্রতিদিনের কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তবুও তা নিলাম বা সরিয়ে নেয়ার উদ্যোগ নেই কাস্টমস কর্তৃপক্ষের।

বন্দর ব্যবহারকারীরা বলছেন, বছরের পর বছর পড়ে থাকা গাড়ি ও মালামাল দ্রুত নিলামে তোলা হলে সমস্যা কিছুটা কমবে। পাশাপাশি বন্দরের কার্যক্রমেও গতি বাড়বে।

বন্দর ব্যবহারকারীরা জানান, বিভিন্ন ইয়ার্ড নেই, ফলে তারা মালামাল নামাতে পারছেন না। এগুলো নিলামে তুললে সরকারেরও লাভ হবে বলে জানান ব্যবহারকারীরা।

আরও পড়ুন:

গাড়িগুলো নিলামের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শুল্ক বিভাগকে একাধিকবার চিঠি দিয়ে অবগত করা হয়েছে- বলে জানালেন বন্দরের উপ-পরিচালক।

যশোর বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমীন বলেন, এগুলো নিলামে বা অপসারণের জন্য আমরা একাধিকবার চিঠি দিয়েছি। আমার মনে হয় সেখান থেকে তারা এ বিষয়ে পদক্ষেপ নিবেন।

এদিকে, কাস্টমস কর্তৃপক্ষ বলছে, পড়ে থাকা গাড়িসহ নষ্ট হয়ে যাওয়া অন্যান্য দ্রব্যাদি অবিলম্বে নিলাম ও কার্যক্ষেত্রে ধ্বংস করার উদ্যোগ নেয়া হয়েছে।

যশোর বেনাপোল কাস্টমস হাউস সহকারী কমিশনার মো. রাহাত হোসেন বলেন, ‘এরই মধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এগুলো যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে এসব পণ্য নিলাম কার্যক্রম ও ধ্বংস কার্যক্রম সম্পূর্ণ হবে।’

গাড়ি ছাড়াও বন্দরের বিভিন্ন স্থানে চেসিসসহ বেশ কিছু পণ্য স্থান দখল করে রেখেছে, পাশাপাশি পড়ে থেকে নষ্ট হচ্ছে। বেনাপোল স্থলবন্দরের স্থান সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে দেশের বাণিজ্য কার্যক্রমের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

এফএস