আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের জেলা পরিষদ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পরিবেশ দূষণ রোধে এবং প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়তেই এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে কয়েক শতাধিক পুরনো প্লাস্টিক বোতল, ওয়ান টাইম প্লাস্টিক পণ্য জমা দিয়ে গাছ সংগ্রহ করেছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। প্লাস্টিকের বিনিময়ে সংগঠনটির পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ওষুধি ও শোভাবর্ধনকারী গাছের চারা।
স্থানীয় বাসিন্দা সাজেদা বেগম জানান, বাড়িতে প্লাস্টিকগুলো জঞ্জাল হয়ে পড়েছিল। সেগুলো দিয়ে যে গাছের চারা পাবো, তা কখনো ভাবিনি। এটি সত্যিই চমৎকার এবং অনুপ্রেরণামূলক কাজ।
প্লাস্টিক জমা দিয়ে গাছ উপহার পাওয়া শিক্ষার্থী আকলিমা আক্তার বলেন, ‘এমন উদ্যোগ নিয়মিত নেয়া উচিত তাহলে আমাদের মত শিক্ষার্থীরা অনেক গাছ নিতে পারবে।’
ফেসবুক পোষ্ট থেকে এমন উদ্যোগের কথা জানতে পেরে প্লাস্টিক জমা দিয়ে গাছ নিতে এসেছিলেন শিক্ষার্থী স্মরণ সাহা। তিনি বলেন, ‘গাছ সংগ্রহের জন্য বাসার পরিত্যক্ত প্লাস্টিকগুলো জমা দিয়ে কয়েক প্রজাতির গাছ নিলাম।’
এ আয়োজনের উদ্যোক্তা ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘আমরা চাই তরুণ প্রজন্ম পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করুক। প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য একটি বড় অভিশাপ। প্রতি বছর ২৫ হাজার টন প্লাস্টিক সাগরে জমা হচ্ছে। প্লাস্টিক মাটির সাথে মিশে যেতে ধরণভেদে ৫০০ থেকে ১০০০ বছর সময় লাগে। এ উদ্যোগের মাধ্যমে আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে, আপনার পরিত্যক্ত প্লাস্টিকটি বিষ, কিন্তু একটি চারাগাছ আগামী প্রজন্মের জন্য অক্সিজেন ও আশীর্বাদ।’
স্বেচ্ছাসেবী এ সংগঠনটি আগামীতে দেশের ২১ জেলায় ও টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ ‘বিনিময়’ কর্মসূচি ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি জেলা শহরকে ‘প্লাস্টিক মুক্ত ও সবুজ শহর’ হিসেবে গড়ে তোলা।
গাছ বিনিময় অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সমন্বয়কারী জোবায়দুর রহমান হৃদয়, সদস্য আলফি ইসলাম, রাজ চৌধুরী, ইয়াদ জিহাদ, পপি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সুশীল সমাজ অভিনব এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন যুবসমাজের এমন সৃজনশীল উদ্যোগ সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের পরিবেশ রক্ষায় তা মাইলফলক হিসেবে কাজ করবে।





