মানিকগঞ্জে শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮, মালামাল উদ্ধার

আটক ডাকাতদলের সদস্যরা
আটক ডাকাতদলের সদস্যরা | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জে দু’টি শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।

আজ (শুক্রবার, ৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।

এর আগে, তথ্য প্রযুক্তির সহায়তা ও গ্রেপ্তারদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার, ২ এপ্রিল) থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর, ঢাকার আশুলিয়া এবং গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মাসুদ রানা, সাজেদুল ইসলাম, সাগর প্রামানিক, আক্তার হোসেন, আলামিন, আবু বক্কর সিদ্দিক, বিল্লাল হোসেন ও ছালাম।

আরও পড়ুন:

পুলিশ জানায়, গত ২০ মার্চ রাতে শিবালয় উপজেলার আসতিয়া পেপার অ্যান্ড বোর্ড মিল এবং ২৩ মার্চ ভোরে ঘিওরের পুখুরিয়া এলাকায় অবস্থিত অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড কারখানায় সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। দেশিয় অস্ত্রে সজ্জিত ২০ থেকে ২৫ জনের ডাকাত দল নিরাপত্তাকর্মীদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং মারধর করে মেশিন রুমে আটকে রাখে।

এসময় তারা বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ, তামার তার, কম্পিউটার, ডিভিআর, নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। দু’টি ঘটনায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানায় পুলিশ।

পরে অভিযানে বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ তামা, বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে কম্পিউটার, হার্ডডিস্ক, ডিভিআর, হাইড্রোলিক কাটার, ড্রিল মেশিন, তামার তার, পাইপ ইত্যাদি।

এসএইচ