গতকাল (বুধবার, ১ এপ্রিল) রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ছয়টি ওয়াগন লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনগুলোর সময়সূচিতে বিপর্যয় দেখা দিলেও কোনো ট্রেন বাতিল করা হয়নি। সকালে সিলেট থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসও সিলেট ত্যাগ করেছে। কর্তৃপক্ষ আশা করছে, আরও ৩ ঘণ্টার মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায় এবং ট্রেনে থাকা জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় কিছু মানুষকে তেল সংগ্রহ করতেও দেখা গেছে।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ করেই ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। তেলবাহী ওয়াগনগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।





