ট্যালেন্ট ও পারফরম্যান্সের ভিত্তিতে হবে সিলেকশন: বিসিবি নির্বাচক নাঈম

বিসিবি নির্বাচক নাঈম ইসলাম
বিসিবি নির্বাচক নাঈম ইসলাম | ছবি: এখন টিভি
0

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে টাইগারদের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম ইসলাম। জাতীয় দলে বরাবরই উপেক্ষিত নাঈম এবার নির্বাচকের ভূমিকায় কিভাবে দল সাজাবেন, তা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন এখন টিভিকে। তার ভাষ্য— ট্যালেন্ট এবং পারফরম্যান্সের ভিত্তিতে হবে সিলেকশন।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরে-বাইরে একের পর এক পরাশক্তির মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। টাইগারদের এমন সূচির মধ্যেই নির্বাচক প্যানেলে জায়গা করে নিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটের বর্ষীয়ান তারকা নাঈম ইসলাম।

‘ছক্কা নাঈম’ খ্যাত এই নির্বাচক ঘরোয়া ক্রিকেটে ২০ হাজারের মত রান করলেও বরাবরই উপেক্ষিত ছিলেন জাতীয় দলে। নতুন দায়িত্ব নিয়ে এখন টিভিকে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে করলেন খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক নাঈম ইসলাম বলেন, ‘বিগত দিনে আমাদের সিলেক্টরদের কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল। আমরা অনেক বিষয়ে জানতে চাইতাম। আমার যেটা এক্সপেক্টেশন যে, পারফরম্যান্স যারা করবে, তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। সিলেকশন হবে ট্যালেন্ট এবং পারফরম্যান্সের ভিত্তিতে। তাই হয় আপনাকে প্রতিভাবান হতে হবে, অথবা হেভিওয়েট পারফর্মার হতে হবে।’

টিম কম্বিনেশনের অজুহাতে বারবার বাদ পড়া নাঈম জানালেন, আর কোন খেলোয়াড়কে যেন এভাবে অবহেলিত হতে না হয়, সেটি নিশ্চিত করতে চান তিনি। এছাড়াও এক ফরম্যাটে ভালো খেললেই ভিন্ন ফরম্যাটে সুযোগ দেয়ার সংস্কৃতিতেও পরিবর্তন আনতে চান তিনি।

আরও পড়ুন:

নাঈম বলেন, ‘কোনো খেলোয়াড় যদি বাদ পড়েন, তাহলে তিনি অবশ্যই জানবেন যে, তিনি কেন বাদ পড়েছেন এবং তার কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, তাকে নিয়ে আমাদের পরিকল্পনা, তিনি কাদের সঙ্গে কাজ করবেন।’

এনামুল হক বিজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এনামুল হক বিজয়ের অভিজ্ঞতার কথা যদি বলি, ও প্রিমিয়ার লিগে করেছে ১ হাজার রান, এরপর ওয়েস্ট ইন্ডিজে খেলেছে টেস্ট ক্রিকেট। যে যেই ফরম্যাটে ভালো খেলছে, তাকে যদি সেই ফরম্যাটে সুযোগ দেয়া হয়, তাহলে ওই খেলোয়াড় এবং দল উভয়ের জন্যই সেটা ভালো হয়।’

দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ সাকিব আল হাসান। তিনি ফেরা মাত্র তাকে জাতীয় দলের বিবেচনা করা হবে কি না— এমন প্রশ্নে ইতিবাচক সাড়া দিলেন এ নির্বাচক।

তিনি বলেন, ‘তার অর্জন এমন যে, সে অ্যাভেইলেবল হলেই অবশ্যই বাংলাদেশ টিমে চলে আসবে, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। সে আসুক, দেশের জন্য খেলুক এবং অনেকদিন খেলুক।’

দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ার নিয়ে আক্ষেপ কিংবা অভিমান নেই নাঈমের। জীবনের নতুন ইনিংসের যাত্রাটা সুন্দর করতে চান লেভেল-১ কোচিং সম্পন্ন করা এ নির্বাচক।

এসএইচ