ই-ভ্যালির মালিক দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সিআইডির মামলা

অভিযুক্ত ই-ভ্যালির মালিক দম্পতি
অভিযুক্ত ই-ভ্যালির মালিক দম্পতি | ছবি: সংগৃহীত
0

ই-ভ্যালির মালিক দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সিআইডি। আজ (সোমবার, ৩০ মার্চ) সিআইডির মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করার অভিযোগে ই-ভ্যালি.কম লিমিটেডের মালিক মো. রাসেল (৪৩) এবং তার স্ত্রী শামীমা নাসরিনের (৪০) বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মো. রাসেল ও শামীমা নাসরিনসহ অজ্ঞাতনামা সহযোগীরা পরস্পর যোগসাজশে ঢাকার কাফরুল থানাধীন ৩০৩/ডি, পূর্ব কাজিপাড়া, মিরপুরে ই-ভ্যালি.কম লিমিটেড নামে ই-কমার্স প্রতিষ্ঠানটি খুলেন। প্রতিষ্ঠানটি ১৬ ডিসেম্বর ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে অসংখ্য গ্রাহকের কাছ থেকে পণ্য বিক্রি ও ডেলিভারির জন্য অনলাইনে অর্ডার গ্রহণ করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ না করে গ্রাহকদের কাছ থেকে প্রতিশ্রুতি দিয়ে অর্থ সংগ্রহ করেন।

আরও পড়ুন:

একইসঙ্গে বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের পণ্য ক্রয় করে মূল্য পরিশোধ না করে সেই অর্থও আত্মসাৎ করেন বলে তদন্তে উঠে এসেছে। আত্মসাৎকৃত টাকা দিয়ে তারা বিলাসবহুল গাড়ি ক্রয়, বিভিন্ন সম্পদ অর্জন এবং স্বামী-স্ত্রী মিলে বিদেশ ভ্রমণসহ ভোগ-বিলাসিতায় ব্যয় করেছেন। গ্রাহকদের বারবার নতুন ডেলিভারির তারিখ দিয়ে আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত পণ্য সরবরাহ করা হয়নি, যা স্পষ্ট প্রতারণার শামিল।

এ কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার গ্রাহক ও মার্চেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সিআইডির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

সিআইডি এ ঘটনায় আরও গভীর তদন্ত চালিয়ে আত্মসাৎকৃত অর্থের হদিস ও সহযোগীদের চিহ্নিত করার লক্ষ্যে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

আসামিরা হলেন— ১. মো. রাসেল (৪৩) ২. শামীমা নাসরিন (৪০) ৩. ই-ভ্যালি.কম লিমিটেড ৪. অজ্ঞাতনামা সহযোগী।

সিআইডি জানিয়েছে, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


এফএস